উত্তর দিচ্ছে উত্তুরে হাওয়া! এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ পতন, কলকাতার আবহাওয়ার বিরাট আপডেট

আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল। এবার ধীরে ধীরে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে গোটা রাজ্যজুড়ে। উত্তুরে হাওয়ার অবাধ আনাগোনায় কলকাতার পারদ নামল ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা আলিপুরে স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৮৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।

পশ্চিমাঞ্চলে জাঁকিয়ে ঠান্ডা, সিউড়ি শীতলতম

অন্যদিকে, রাজ্যের পশ্চিমাঞ্চল এবং জেলাগুলিতে পারদ ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। এই শীতল আমেজ আপাতত বজায় থাকবে। বুধবার গোটা দক্ষিণবঙ্গে রেকর্ড ঠান্ডার নিরিখে সবাইকে ছাপিয়ে গেছে বীরভূমের সিউড়ি, যেখানে তাপমাত্রা নেমে এসেছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে—যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।

আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। কমবেশি সব জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। পশ্চিমী বাতাসের দাপট বাড়ায় শীতের আমেজ আরও বাড়বে। তবে সকালের দিকে পাতলা কুয়াশার দেখা মিললেও ঘন কুয়াশার আপাতত কোনও সতর্কতা থাকছে না।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিন এখানকার তাপমাত্রাতেও বিশেষ কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না। কমবেশি সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলির মধ্যে শৈলশহর দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। আপাতত রাজ্যে শীতের আগমন পর্ব শুরু হলেও, পুরোপুরি জাঁকিয়ে শীত আসতে আরও কিছুটা সময় বাকি রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।