৩০ বছর পর ঋণের জাল থেকে মুক্তি গুজরাটের এক গ্রামের! মায়ের স্বপ্ন পূরণে কৃষকদের ৯০ লক্ষ টাকা ঋণ শোধ করলেন NRI ব্যবসায়ী

গুজরাটের জিরা গ্রামের ২৯০ জন কৃষকের জীবনে যেন ৩০ বছর পর এক নতুন সকাল এলো। ১৯৯৫ সালে গ্রামের এক কো-অপারেটিভের কর্তারা প্রতারণার মাধ্যমে কৃষকদের নামে একের পর এক ঋণ নিয়ে টাকা আত্মসাৎ করে চম্পট দেন। তারপর থেকে গ্রামের মানুষ ঋণের এক বিশাল জালে জর্জরিত হয়ে পড়েন, যা সুদের বোঝায় উত্তরোত্তর বাড়তে থাকে।
টানা ৩০ বছর ধরে এই ঋণের বোঝা মাথায় নিয়ে কষ্ট করে বেঁচে থাকাটাই গ্রামের মানুষের অভ্যাসে পরিণত হয়েছিল।
মায়ের ইচ্ছা পূরণ করলেন দুই ছেলে: এই গ্রামেরই সন্তান, বর্তমানে গুজরাটের সফল ব্যবসায়ী বাবুভাই জিরাওয়ালা। তিনি জানান, তাঁর মা গ্রামের মানুষদের এই যন্ত্রণায় কষ্ট পেতেন এবং এমনকি নিজের গয়নাগাটি বিক্রি করেও কৃষকদের ঋণ শোধ করতে চেয়েছিলেন।
বাবুভাই এবং তাঁর ভাই মিলে তাঁদের প্রয়াত মায়ের সেই ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেন। মায়ের প্রয়াণবার্ষিকীতে তাঁরা ব্যাঙ্কের সঙ্গে কথা বলে জিরা গ্রামের ২৯০ জন কৃষকের যাবতীয় ঋণ শোধ করে দিয়েছেন।
খরচ ৯০ লক্ষ টাকা: জানা গিয়েছে, এই দুই ভাই কৃষকদের সাকুল্যে জমে থাকা প্রায় ৯০ লক্ষ টাকা খরচ করে শোধ করেছেন। তাঁদের এই মহৎ উদ্যোগে জিরা গ্রামের প্রতিটি কৃষক এখন ঋণমুক্ত। গ্রামের ছেলের এই উদারতায় বেজায় খুশি জিরা গ্রামের মানুষজন।