জেল থেকে বেরিয়েই বিস্ফোরণ! ‘নব্য সেনাপতি’ অভিষেককে কাঠগড়ায় তুলে মমতাকে পার্থর ‘বিদ্রোহী’ চিঠি

দীর্ঘ তিন বছর গরাদের পিছনে থাকার পর মঙ্গলবার অবশেষে নিজের নাকতলার বাড়িতে ফিরেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি ফেরার পরই একটি রাজনৈতিকভাবে বিস্ফোরক চিঠি প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, জেলবন্দি থাকাকালীনই তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখেছিলেন।
সূত্রের দাবি, ওই চিঠিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী তাঁর দলীয় সাসপেনশন নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, “সংবাদমাধ্যমে জেনেছি দল আমাকে সাসপেন্ড করেছে। দলীয় সংবিধানের কোন ধারা মেনে আমায় সাসপেন্ড করা হল?”
জানা যাচ্ছে, এই বিস্ফোরক চিঠির প্রতিলিপি শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরেই নয়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছেও পাঠানো হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, দিনটি ছিল ২০২২ সালের ২৩ জুলাই। গ্রেফতারির পরই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও পারেননি। এর ঠিক পাঁচ দিনের মাথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন, “সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুসারে দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হল।” দল থেকে সাসপেন্ড হওয়ার ছয় দিনের মাথায় তাঁর মন্ত্রিত্বও যায়।
বহু বছর পর পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তিতে সামনে আসা এই চিঠিতে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা সৃষ্টি হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, চিঠিতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘নব্য সেনাপতি’ আখ্যা দিয়েছেন। পাশাপাশি তিনি এই ক্ষোভও প্রকাশ করেছেন যে, অনেক সময় অনেক ক্ষেত্রে অভিযুক্ত নেতাদের পাশেও দল দাঁড়ায়, অথচ দল তাঁর পাশে কেন দাঁড়াল না? এই চিঠি তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণকে নতুন দিকে চালিত করতে পারে বলে মনে করা হচ্ছে।