‘বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত’, কালিয়াচকে প্রকাশ্যে BLA-কে রাস্তায় ফেলে মার, খুনের হুমকি দেওয়ার অভিযোগ

এসআইআর (ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া) চলার আবহে ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের জেরে রাজনৈতিক উত্তাপ ছড়াল মালদহের কালিয়াচকে। মঙ্গলবার সকালে কালিয়াচক ১ নম্বর ব্লকের নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের যদুপুর বাজারে এই ঘটনা ঘটে। শাসকদলেরই অঞ্চল সভাপতি ও তাঁর দলবলের বিরুদ্ধে দলের বুথ লেভেল এজেন্ট (BLA)-কে মারধরের অভিযোগ উঠেছে।

BLA-কে প্রকাশ্যে মারধর: আক্রান্ত তৃণমূলের BLA আবদুল জাব্বার শেখ কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, মঙ্গলবার সকালে তিনি যদুপুর বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় অঞ্চল সভাপতি বকুল শেখ, তাঁর দুই ছেলে বাহাউদ্দিন ও আজিম শেখ, দুই ভাই আবদুল করিম ও আজমাল শেখ-সহ আরও কয়েকজন তাঁর ওপর চড়াও হয়।

আবদুল জাব্বার বলেন, “ওরা আমাকে মারতে শুরু করে। আমাকে রাস্তায় ফেলে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করেছে। বকুল (অঞ্চল সভাপতি) আমার গলা টিপছিল।” আক্রান্ত BLA-এর দাবি, তাঁকে ও তাঁর পরিচিত এক ব্যক্তিকে মারধর করার পাশাপাশি অভিযুক্তরা তাঁকে ‘খুন করে ফেলবে’ বলে বারবার হুমকিও দিয়েছে।

নেতাদের প্রতিক্রিয়া: পরে স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে থেকেই তিনি হামলাকারীদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের শাসকদলের সদস্য মহম্মদ আমিনুজ্জামান এই ঘটনার নিন্দা করে বলেন, “আমাদের BLA আবদুল জাব্বার যখন তার বুথে কাজ করছিল, তখন কিছু লোক অতর্কিতে তার ওপর হামলা চালিয়েছে। জাব্বার জানিয়েছে, বকুল শেখ ও তার পরিবারের সদস্যরা এই হামলায় ছিল। আমরা চাই, প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।”

এসডিপিও (কালিয়াচক) ফায়সাল রাজা জানিয়েছেন, এই ঘটনায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।