মহারাষ্ট্রে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সোমবার শোকের ছায়া নেমে এসেছে। জলগাঁও থেকে ছত্রপতি সম্ভাজি নগর যাওয়ার পথে মাঝ রাস্তায় আচমকা একটি গাড়ির টায়ার ফেটে গিয়ে তাতে আগুন ধরে যায়। মর্মান্তিক এই ঘটনায় গাড়ির এক মহিলা যাত্রী ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই আশেপাশের ব্যক্তিরা দ্রুত ছুটে আসেন। তাঁরা সাহস করে গাড়ির জানলা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, উদ্ধারকাজ চলাকালীনই আগুনের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। এই সময়েই গাড়ির ভেতরে থাকা মহিলা যাত্রীটি আগুনে পুড়ে মারা যান। ঘটনাস্থলের ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, হাইওয়ের ওপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি এবং আশপাশে বহু মানুষ ভিড় করে আছেন।
খবর পেয়ে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। গাড়ির অন্যান্য যাত্রীদের অবস্থান এবং তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
যখন প্রেম বদলেছিল খুনে: গতবছর কেরলের ভয়াবহ ঘটনা
উল্লেখ্য, গত বছরও কেরলের কোল্লামে এমনই এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার খবর সামনে এসেছিল, যার নেপথ্যে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। গাড়িতে গল্পে মশগুল ছিলেন দুই বান্ধবী, অনিলা ও সোনি। আচমকা তাদের গাড়িতে দাউদাউ করে আগুন ধরে যায়। স্থানীয়দের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অনিলাকে মৃত ঘোষণা করা হয় এবং সোনি সঙ্কটজনক অবস্থায় ছিলেন। তদন্তে জানা যায়, অনিলাকে খুন করার উদ্দেশ্যে তাঁর স্বামী নিজেই গাড়ি থামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করেছিল।