ডেডলাইন পেরোনো অসম্ভব! ভোটার তালিকায় নাম ঢোকানো নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চরম চিঠি BLO মঞ্চের

রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলির সময়সীমা বাড়ানোর জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-কে চিঠি দিয়েছে BLO ঐক্যমঞ্চ। বর্তমানে ফর্ম বিতরণের শেষ দিন ছিল ১১ নভেম্বর, যা বাড়িয়ে ১৫ নভেম্বর পর্যন্ত করার দাবি তুলেছে মঞ্চ।

BLO ঐক্যমঞ্চের অভিযোগ, গত ৪ নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হলেও পর্যাপ্ত সংখ্যক ফর্ম সময়মতো পাওয়া যায়নি। অনেক BLO-এর কাছেই প্রয়োজনীয় ফর্মের অভাব ছিল। এমনকি, কিছু ERO (Electoral Registration Officer) অফিস প্রথম দুই দিন ফর্ম সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় কাজ শুরু করতেই দেরি হয়। এই পরিস্থিতিতে ১১ নভেম্বরের মধ্যে সমস্ত ফর্ম বিতরণ শেষ করা কার্যত অসম্ভব, এমনটাই দাবি করেছে মঞ্চ। ভোটার তালিকা সংশোধনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় যাতে কোনো বাধা না আসে, তাই সময়সীমা বৃদ্ধি অপরিহার্য বলে মনে করছে তারা।