টেকনো ইঞ্জিনিয়ারিং কোম্পানির শ্রমিকের মৃত্যুতে তোলপাড়! ‘লিখিত প্রতিশ্রুতি চাই’, বক্রেশ্বরে দেহ সৎকার নিয়ে অচলাবস্থা

কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে। অতীতে কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পরিবারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করা হয়নি— এই অভিযোগে ক্ষুব্ধ শ্রমিকরা মৃতদেহ আটকে রেখে হাসপাতালের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, অবিলম্বে মৃত শ্রমিকের পরিবারের এক সদস্যকে স্থায়ী চাকরি দিতে হবে।
কী ঘটেছিল শনিবার?
শনিবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের টেকনো ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত ছিলেন বিশ্বনাথ বাউরি (৫৭) নামে ওই শ্রমিক। কাজ চলাকালীনই তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে টাউনশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহ টাউনশিপ হাসপাতালে নিয়ে যাওয়ার পরই অন্যান্য শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা হাসপাতালের দরজা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
আগের প্রতিশ্রুতি পূরণের দাবি
বিক্ষোভকারী শ্রমিকদের মূল অভিযোগ, এর আগে যতজন শ্রমিকের কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের কাউকেই এখনও পর্যন্ত চাকরি দেওয়া হয়নি। তাঁরা জানান, মৌখিক প্রতিশ্রুতি নয়, লিখিত প্রতিশ্রুতি না পেলে তাঁরা মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাবেন না।
এই অচলাবস্থার জেরে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকেরা। শ্রমিকদের দাবি ও অসন্তোষের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হলেও, রবিবার দুপুর পর্যন্ত অচলাবস্থা বজায় রয়েছে।
শ্রমিকদের একটাই স্পষ্ট দাবি— চাকরির লিখিত প্রতিশ্রুতি, তবেই তাঁরা মৃতদেহ সৎকার করতে দেবেন।