ISIS-এর বড়সড় হামলার ছক বানচাল! অস্ত্রসহ গ্রেফতার ৩ সন্দেহভাজন জঙ্গি, কারা তারা?

গুজরাট পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS) বড়সড় সাফল্য পেল। দীর্ঘদিন ধরে নজরদারির পর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস-এর (ISIS) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩ সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে জঙ্গি দমন শাখা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃতরা একটি বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল এবং সেই উদ্দেশ্যে গুজরাটে অস্ত্র মজুত করছিল।
এটিএস-এর দাবি, এই তিন অভিযুক্তই আইসিস-এর সঙ্গে যুক্ত পৃথক মডিউলের অংশ। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তাদের উপর নজরদারি চলছিল। প্রাথমিক তদন্তে একাধিক প্রমাণ হাতে আসার পরই গ্রেফতার করা হয়।
অভিযোগ: ধৃতরা গুজরাটে অস্ত্র সরবরাহ করত এবং বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল।
হামলার পরিকল্পনা: সূত্রের খবর, অভিযুক্তরা ভারতের নানা জায়গায় বড়সড় কোনও হামলার ছক কষছিল। সেই জন্যই তারা অস্ত্র জমা করছিল।
অস্ত্র উদ্ধার: গ্রেফতারের পর এটিএস অভিযুক্তদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে।
গুজরাট প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধৃত তিনজনের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন উত্তর প্রদেশের এবং তৃতীয় জন হায়দ্রাবাদের বাসিন্দা।
এটিএস কর্মকর্তারা জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। অস্ত্র মজুত করা ছাড়াও তাদের আর কী কী পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, এই গ্রেফতারের মাধ্যমে একটি বড় জঙ্গি মডিউলকে চিহ্নিত করা ও তাদের নাশকতার পরিকল্পনা বানচাল করা সম্ভব হল। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই সাফল্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।