‘হিন্দি বলয়ের নেতাদের বাংলায় ভোট করানো অবাস্তব!’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষোভে চাপে বঙ্গ BJP, তলব জবাব

তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে বঙ্গ বিজেপিতে রীতিমতো অস্বস্তি ও চাপ সৃষ্টি হয়েছে। দলের সাংসদ নিজেই দল ও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় পরিস্থিতি জটিল হয়েছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বিজেপির কোর কমিটির বৈঠক বসেছে, যেখানে অভিজিৎবাবুর মন্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিজেপি সূত্রে খবর, সাংসদকে তাঁর এই মন্তব্যের জন্য জবাব তলব করা হবে।

বিতর্কিত মন্তব্য ও হতাশা
একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রের ‘অ্যাকশন’ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “কেন্দ্রের অ্যাকশন দেখে আমার মনে হচ্ছে, কেন্দ্র পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল করতে চায়! কেন পশ্চিমবঙ্গের মতো এক প্রশাসনহীন রাজ্যে ৩৫৫ ধারা জারি করা হবে না—এটা আমার কাছে বিরাট প্রশ্ন।”

একইসঙ্গে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর যে মূল উদ্দেশ্য নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তা এখনও অধরা থাকায় হতাশা প্রকাশ করেছেন। তিনি এই ব্যর্থতার দায় সরাসরি কেন্দ্রের বিজেপি নেতাদের ওপর চাপিয়ে বলেছেন, “কেন্দ্রীয় সরকার এজন্য কিছু করেনি।”

দলীয় কার্যকলাপ নিয়ে ক্ষোভ
সাংসদ বিজেপির দলীয় কার্যকলাপেও অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর ক্ষোভের মূল কারণ— হিন্দি বলয়ের নেতাদের বাংলায় ভোট প্রচারে পাঠানো। অভিজিৎবাবুর মতে, “হিন্দি বলয়ের নেতারা বাংলায় মানুষের মন বোঝেন না। এখানের পরিস্থিতির সঙ্গে তাঁদের পরিচিতি নেই। এভাবে নেতা পাঠিয়ে ভোট করিয়ে জিতে যাব! এটা অবাস্তব চিন্তা ভাবনা।”

কোর কমিটির বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারসহ একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, সাংসদকে তাঁর মন্তব্যের কারণ ব্যাখ্যা করতে হবে।