লঙ্কার গুঁড়ো ছুঁড়ে ছিনতাইয়ের চেষ্টা! আমদাবাদের দোকানিকে ধীরগতিতে মারলেন ১৭ চড়, ভাইরাল সিসিটিভি ফুটেজ

আমদাবাদের রানিপ এলাকার এক গয়নার দোকানে ক্রেতা সেজে এক মহিলার গয়না ছিনতাইয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বরং, দোকানদারের উপস্থিত বুদ্ধিতে সেই চেষ্টা বানচাল হওয়ার পর উল্টে ওই মহিলাকেই বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ বর্তমানে নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওড়না দিয়ে মুখ সামান্য ঢেকে এক মহিলা দোকানে বসে গয়না দেখছিলেন। হঠাৎই তিনি হাতে রাখা লঙ্কার গুঁড়ো দোকানদারের মুখের দিকে ছুড়ে মারেন এবং গয়না ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। তবে, দোকানদার দ্রুত প্রতিক্রিয়া দেখান। তিনি চোখ বাঁচিয়ে মহিলার হাত চেপে ধরেন এবং উত্তেজিত অবস্থায় তাঁকে একের পর এক চড় মারতে শুরু করেন। ভিডিও অনুযায়ী, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে তিনি প্রায় ১৭ বার মহিলাকে চড় মারেন এবং পরে ধাক্কা মেরে দোকানের বাইরে বের করে দেন।

স্থানীয়রা ছুটে এলেও ওই মহিলা ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দোকান কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। রানিপ থানার পুলিশ জানিয়েছে, ফুটেজে মহিলার মুখ আংশিকভাবে দেখা যাচ্ছে এবং তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ দোকানদারের ক্ষিপ্রতার প্রশংসা করছেন, আবার অনেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতার সমালোচনা করেছেন। তবে, ঘটনাটি মুহূর্তের মধ্যে শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।