স্ট্রাইক রেট ১৩৩.৫২, ফাইনালে ক্যামিও! বিশ্বজয়ী রিচার জন্য মেনু বদলালেন মা, কী খাচ্ছেন বাঙালি তারকা?

দেশের শীর্ষ স্তরের ক্রিকেট অর্জনের পর অবশেষে শুক্রবার ঘরে ফেরার পালা বিশ্বজয়ী উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের। ১৩৩.৫২ স্ট্রাইক রেটে আট ইনিংসে ২৩৫ রান—যার মধ্যে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস এবং ফাইনালে ২৪ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ক্যামিও রয়েছে—বাইশ গজে প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয়ে রিচার অবদান ছিল অনস্বীকার্য। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি সাক্ষাতের পর রাজধানী ঘুরে অবশেষে শুক্রবার শিলিগুড়িতে ফিরছেন ‘ঘরের মেয়ে’ রিচা। তাঁকে স্বাগত জানাতে সকাল থেকেই সাজ সাজ রব শহরের ঘোষ বাড়িতে এবং গোটা শিলিগুড়িতে।

সকাল ১০টা নাগাদ নয়াদিল্লি থেকে টেক-অফ করেছে রিচার বিমান, যা দুপুর ১২টার পর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা। এরপরই শুরু হবে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারের বর্ণাঢ্য সংবর্ধনা পর্ব। সবমিলিয়ে সংবর্ধনার জোয়ার পেরিয়ে রিচার বাড়ি পৌঁছতে বিকেল ছুঁয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে।

বিমানবন্দর থেকে নাগরিক সংবর্ধনা

রিচাকে স্বাগত জানাতে বাগডোগরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। অন্যদিকে, রিচার বাড়িতে বেজে চলেছে বাজনা, ফুল দিয়ে সেজে উঠেছে গোটা বাড়ি। তবে মেয়ের ঘরে ফেরায় সবচেয়ে বেশি ব্যস্ত রিচার মা শম্পা ঘোষ। মেয়ের আবদার পূরণে সকাল থেকে হেঁশেলে নানা পদের সম্ভার আয়োজন করে চলেছেন তিনি।

প্রাথমিকভাবে রিচার পছন্দের ফ্রায়েড রাইস ও চিলি চিকেন বানানোর কথা থাকলেও পরে তা বদল হয়েছে। মা শম্পা ঘোষ জানান, হালকা ডাল-ভাত, শাক সবজি ও পনির দিয়েই মধ্যাহ্নভোজ সারার ইচ্ছেপ্রকাশ করেছেন রিচা।

বাগানডোগরা বিমানবন্দরে নামার পর থেকে অভ্যর্থনায় ভাসতে চলেছেন বিশ্বজয়ী ভারতীয় দলের এই স্টাম্পার-ব্যাটার। শুক্রবার বিকেলে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানের রবীন্দ্র মঞ্চে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা জানানো হবে। পুরনিগম সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৫৯টি সংগঠন ওই নাগরিক সভায় রিচাকে সংবর্ধনা জানাতে চলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy