একই ছবিতে ২২ ভোটার! ভোট জালিয়াতির কেন্দ্রেীয় চক্রের অভিযোগ রাহুলের, ‘AC রুম থেকে বেরোন না’ বলে কটাক্ষে উড়িয়ে দিল বিজেপি!

হরিয়ানার ভোটার তালিকায় (Haryana Vote) এক বিদেশি তরুণীর ছবি ব্যবহার করে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে কংগ্রেস। এই বিতর্ক আরও উসকে দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, ব্রাজিলের এক মডেলের ছবি ব্যবহার করে একই ছবিতে ২২টি এপিক কার্ড তৈরি করা হয়েছে!
এই গুরুতর অভিযোগের বিষয়ে এবার মুখ খুললেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। অন্যদিকে, এই বিতর্কের সুযোগ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেসও।
সুকান্তের কটাক্ষ: ‘লাদেনের ছবিও পাওয়া গিয়েছিল!’
বৃহস্পতিবার বিশ্বভারতীতে এক বাণিজ্য শিক্ষা সম্মেলন থেকে রাহুল গান্ধীর অভিযোগের জবাব দেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি রাহুলকে সরাসরি কটাক্ষ করে বলেন:
“এর আগে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ওসামা বিন লাদেনের ছবিও পাওয়া গিয়েছিল! ভুল হতে পারে, অনেক সময় সরকারি কর্মীরা কম্পিউটারে ডেটা রিপ্লেস করতে গিয়ে ভুল করে ফেলেন।”
তিনি আরও যোগ করেন যে ব্রাজিলের ওই মডেলের নাম আদৌ ভোটার লিস্টে রয়েছে কিনা, তা স্পষ্ট নয়। তাঁর মতে, এগুলি সব সরকারি দপ্তরের সাধারণ ‘ত্রুটি’। সুকান্ত মজুমদার রাহুল গান্ধীর বাস্তব পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা নেই বলেও কটাক্ষ করেন, কারণ তিনি ‘এসি রুম থেকে বেরোন না’।
তৃণমূলের পাল্টা আক্রমণ, কমিশনের দিকে আঙুল
বিজেপি নেতার এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ শানান তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি প্রশ্ন তোলেন, সুকান্ত মজুমদাররা নির্বাচন কমিশনের পক্ষে না বিপক্ষে?
“বিএলও থেকে শুরু করে ভোট প্রক্রিয়ায় যুক্ত সকলেই তো কমিশনের অঙ্গ। ভোটার তালিকা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল থাকা মোটেও গ্রহণযোগ্য নয়।”
জয়প্রকাশ মজুমদারের দাবি, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কমিশনকে এই বিষয়ে সতর্ক করেছিলেন এবং আজ তাঁর আশঙ্কাই সত্যি হচ্ছে। তাঁর মতে, “কমিশনকে আরও দায়িত্ববান হতে হবে, কারণ এর সঙ্গে জড়িত গণতন্ত্রের ভিত্তি।”
রাহুল গান্ধীর মূল অভিযোগ কী?
ঘটনার সূত্রপাত গতকাল রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন থেকে, যেখানে তিনি অভিযোগ করেন, হরিয়ানার রাই বিধানসভা কেন্দ্রে একই ছবির মহিলা ২২ বার বিভিন্ন নামে (সীমা, সুইটি, সরস্বতী, রশ্মি, বিমলা) ভোট দিয়েছেন।
রাহুলের দাবি, “এটা বুথ-লেভেলের নয়, কেন্দ্রীয় পর্যায়ের জালিয়াতি। কমিশন চাইলে এক সেকেন্ডেই এই ডুপ্লিকেট ভোটার বাদ দিতে পারে, কিন্তু তারা বিজেপিকে সাহায্য করছে।”
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রাহুলের অভিযোগকে ‘ভুয়ো ইস্যু’ বলে ব্যাখ্যা করেছেন। তিনি কটাক্ষ করে বলেন, বিহারে ভোট চলছে আর রাহুল হরিয়ানার গল্প বলছেন, যা ভোটের ফল না মেলার আশঙ্কায় বানানো অভিযোগ। নির্বাচন কমিশনের সূত্র থেকেও বলা হয়েছে, ভোটের দিন কংগ্রেসের পোলিং এজেন্টরা একই ভোটার বারবার এলে আপত্তি জানালেন না কেন, সেই প্রশ্নও ওঠা উচিত।