দাবা বিশ্বকাপে মহা অঘটন! বিশ্বের সেরা দাবাড়ুকে হারিয়ে চমকে দিলেন বাংলার দীপ্তায়ন ঘোষ, ঘরে ফিরলেন রাশিয়ার নেপোমনিয়াচ্চি

গোয়ায় অনুষ্ঠিত চলতি দাবা বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে ঘটল এক বিশাল অঘটন। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার, রাশিয়ার তারকা খেলোয়াড় ইয়ান নেপোমনিয়াচ্চিকে হারিয়ে চমকে দিলেন বাংলার গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ। কালো ঘুঁটি নিয়ে ব্লিৎজ দাবায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার নেপোমনিয়াচ্চিকে ধরাশায়ী করেন তিনি।

২৫৭৩ এলো রেটিংয়ের অবাছাই খেলোয়াড় দীপ্তায়ন, ২৭৩২ রেটিংয়ের দ্বাদশ বাছাই নেপোমনিয়াচ্চিকে হারানোয় উচ্ছ্বসিত। এই জয়কে তিনি তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় জয় বলে আখ্যা দিয়েছেন।

কিভাবে এল এই ঐতিহাসিক জয়?

জানা গেছে, ব্যাঙ্কের চাকরি ছেড়ে দু’বছর পর চৌষট্টি খোপের বোর্ডে ফেরা ২৭ বছর বয়সী দীপ্তায়ন প্রথম গেমে সাদা ঘুঁটি নিয়ে ড্র করেছিলেন। এরপর দ্বিতীয় গেমে কালো ঘুঁটি নিয়ে শুরু করেন বিখ্যাত ‘মার্শাল অ্যাটাক’ ওপেনিং। রুশ তারকার কয়েকটি ছোটখাটো ভুলভ্রান্তির সুযোগ কাজে লাগিয়ে মাত্র ৪৭ চালে বাজিমাত করেন বাংলার এই গ্র্যান্ডমাস্টার।

টাইম্‌স অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দীপ্তায়ন বলেন, “এটা আমার কেরিয়ারের সবচেয়ে বড় জয়। স্বাভাবিকভাবেই এই জয় অমূল্য এবং এটি দাবার বোর্ডে আরও বেশি মনোনিবেশ করতে আমায় সাহায্য করবে। ২৭০০ এলো রেটিং-এর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এর আগেও খেলেছি, তবে এই ম্যাচ জয় আমার কাছে বিরাট প্রাপ্তি।”

দীপ্তায়নের এই অসাধারণ জয়ের ফলে বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল নেপোমনিয়াচ্চির।

তৃতীয় রাউন্ডে ভারতীয়দের জয়জয়কার:

দীপ্তায়নের পাশাপাশি তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন আরও দুই ভারতীয়। নিখুঁত পারফরম্যান্সে আরেক রুশ গ্র্যান্ডমাস্টার আর্সেনি নেস্তেরভকে ছিটকে দিয়েছেন পেন্তালা হরিকৃষ্ণ। অন্যদিকে, বিশ্বচ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশও তাঁর পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন। দ্বিতীয় রাউন্ডের প্রথম গেম ড্র করার পর কালো ঘুঁটি নিয়ে দ্বিতীয় গেমে কাজাখস্তানের জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন কাজিবেক নোগারবেককে ৫৯ চালে পরাজিত করেন গুকেশ। তবে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই অর্জুন এরিগাইসি জোড়া গেমে জিতে বুলগেরিয়ার মার্টিন পেত্রোভকে ছিটকে দিয়ে পুরো পয়েন্ট পকেটে পুরে নিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy