হরিয়ানায় ভোটচুরির অভিযোগ! ১০ বুথ থেকে ২২ বার ভোট দিতে ব্যবহৃত হওয়া ছবি নিয়ে কী বললেন মডেল ল্যারিসা নেরি?

হরিয়ানা নির্বাচনে ‘সিস্টেম্যাটিক ভোটচুরি’র অভিযোগ তুলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যে সাংবাদিক বৈঠক করেছিলেন, তার কেন্দ্রে থাকা সেই ব্রাজিলীয় মডেল ল্যারিসা নেরি এবার এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর ছবি ব্যবহার করে ১০টি ভিন্ন বুথ থেকে ২২ বার ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। গোটা বিষয়টি শুনে যারপরনাই অবাক হয়েছেন ওই মডেল।

রাহুল গান্ধীর ভিডিওতে যে ব্রাজিলীয় মডেলের ছবি দেখানো হয়েছিল, তাঁর নাম ল্যারিসা নেরি (Larissa Nery)। বর্তমানে তাঁর ছবি সংবলিত ভোটার কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পেশায় হেয়ারড্রেসার ল্যারিসা নেরি জানিয়েছেন, ওই ছবিটি তিনি আট বছর আগে, যখন তাঁর বয়স ছিল বছর কুড়ি, তখন তুলেছিলেন।

পর্তুগিজ ভাষায় বলা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “বন্ধুরা, ওরা আমার পুরনো ছবি ব্যবহার করছে। আমার তখন ১৮-২০ বছর বয়স ছিল। আমি জানি না, এটা মনে হয় ভারতের কোনও নির্বাচন, বা ভোটের ব্যাপারস্যাপার। আমায় ওরা ভারতীয় হিসাবে দেখিয়েছে, সম্ভবত কোনও জালিয়াতি হয়েছে। কী অদ্ভুত পাগলামো, অদ্ভুতুড়ে ব্যাপার, আমরা কোন বিশ্বে বাস করি?”

ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, পিঙ্কি জুগিন্দার কৌশিক নামে এক ভোটারের সঙ্গে CNN-News18 যোগাযোগ করেছিল, যাঁর নাম সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছিলেন রাহুল গান্ধী। পিঙ্কি জানিয়েছেন, “হ্যাঁ, আমিই আমার ভোট দিতে গিয়েছিলাম গ্রামের স্কুলে। আমার নাম ঠিক ছিল। কিন্তু আমার ছবি ভুল ছিল। ওরা অন্য কারও ছবি দিয়ে দিয়েছিল। যাই হোক, আমি ভোট দিয়েছি। আমায় কেউ ভোট দিতে জোর দেয়নি। আমি স্লিপ দেখিয়ে ভোট দিয়েছি।”