কেন্দ্র-রাজ্যকে চরম হুঁশিয়ারি! বাংলায় ১০০ দিনের কাজ চালু না হলে ডিসেম্বর থেকে কী করবে ‘মনরেগা সংগ্রাম মঞ্চ’?

সুপ্রিম কোর্ট বাংলায় ১০০ দিনের কাজ (MGNREGA) পুনরায় চালু করার নির্দেশ দেওয়ার পরও এখনও পর্যন্ত রাজ্যে কাজের চাকা ঘোরেনি। এই পরিস্থিতিতে বুধবার সিপিএমের কৃষক সভার হলে ১২টি গণসংগঠন একত্রিত হয়ে একটি নতুন মঞ্চ গড়ে তুলল। যার নাম দেওয়া হয়েছে, ‘মনরেগা সংগ্রাম মঞ্চ’ (NREGA Sangharsh Morcha)।

এই নতুন মঞ্চের পক্ষ থেকে দ্রুত আগামীর কর্মসূচি ঠিক করার কথা জানানো হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারকেই চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে—যদি ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বাংলায় ১০০ দিনের কাজ চালু না হয়, তবে ‘মনরেগা সংগ্রাম মঞ্চ’ বৃহত্তর গণ-আন্দোলনে নামবে।

নতুন মঞ্চের অন্যতম সদস্য সিপিএম নেতা তুষার ঘোষ বলেন, “আজকের এই সভা থেকে আমরা মনরেগা সংগ্রাম মঞ্চ, পশ্চিমবঙ্গ গঠন করেছি। আমাদের দাবি, অবিলম্বে পশ্চিমবঙ্গে মনরেগা-র কাজ শুরু করতে হবে, কোনও অজুহাত চলবে না। কাজ শুরু না হলে আমরা যৌথ আন্দোলনের পথে নামব, আমাদের কাজের অধিকার ও জীবিকার অধিকার পুনরুদ্ধারের জন্য।”

যৌথ মঞ্চের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, কেন্দ্রীয় সরকারের বেআইনিভাবে তহবিল বন্ধ করে দেওয়া এবং রাজ্য সরকারের চরম অনীহার কারণে আজও কাজ শুরু হয়নি। তাঁদের অভিযোগ, কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট উভয়েই ১ অগস্ট ২০২৫ থেকে মনরেগা কাজ পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে, কিন্তু দুই সরকারই সেই আদেশ মানছে না—যা আইনের স্পষ্ট অবমাননা।

শুধু কাজ চালু করাই নয়, মঞ্চের তরফে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে, “কাজ শুরু হলেও মনরেগা বাস্তবায়নের উপর নজরদারি ও দুর্নীতিমুক্ত বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে কাজ করব, যাতে শ্রমিকদের গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত হয়।”

বুধবারের বৈঠকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ মোট ১২টি শ্রমিক ও কৃষক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সংগঠনগুলি খুব শীঘ্রই তাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।