‘মুখে উদারতা, পরক্ষণেই বিষোদ্গার’! অভিনেতা বিজয় কেন ধুয়ে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে?

বছর ঘুরলেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের রাজনীতিতে প্রবল উত্তাপ সৃষ্টি করলেন নবগঠিত দল তামিলাগা ভেট্টরি কাজাগাম (TVK)-এর প্রধান তথা জনপ্রিয় অভিনেতা ‘থলপতি’ বিজয় (Thalapathy Vjay)। বুধবার মহাবলিপূরমে দলের জেনারেল কমিটি বৈঠকে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে (M K Stalin) সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কার্যত ধুয়ে দিলেন তিনি।

পদপিষ্টের ঘটনা টেনে নীরবতা ভাঙলেন বিজয়
গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনার পর থেকেই শাসকদল ডিএমকে (DMK)-এর সঙ্গে TVK-এর সম্পর্কের তিক্ততা চরমে উঠেছে। সেই প্রসঙ্গ টেনে বিজয় বলেন, এতদিন তিনি ‘মৌনতা’ বেছে নিয়েছিলেন।

‘থলপতি’ বিজয় বলেন,

“আমরা প্রবল যন্ত্রণায় আছি। যা বলে বোঝানো সম্ভব নয়। যেসব মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাঁদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য ছিল। তাই এতদিন আমি মৌনতাকেই বেছে নিয়েছিলাম। কিন্তু আমাদের এই নীরবতার ফায়দা নিয়ে রাজনীতির নোংরা ফাঁদ তৈরি হয়েছে। সত্য এবং আইনের জোড়ে এসব ভিত্তিহীন কালিমাকে আমরা ধুয়েমুছে সাফ করে দেব।”

‘মুখে উদারতা, পরক্ষণে বিষোদ্গার’
এরপর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বিরুদ্ধে তোপ দেগে বিজয় তাঁকে ‘ভণ্ড’ হিসেবে চিত্রিত করার চেষ্টা করেন।

তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী মুখে বলেন যে উনি রাজনীতি করতে চান না, কিন্তু বিধানসভায় গিয়ে আমাদের নামে ঠিকই কু-কথা বলে থাকেন। উনি সেই মুখ্যমন্ত্রী যিনি মুখে উদারতার কথা বলে পরক্ষণেই বিষোদ্গার করেন।”

বিজয় কটাক্ষ করে আরও বলেন, “আপনার কি মনে হয়, তামিলনাড়ুর মানুষ আপনার রাজনীতি বোঝে না?”

২০২৬-এ সরাসরি লড়াই DMK বনাম TVK
আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে অভিনেতা বিজয় এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই নির্বাচনেই মানুষ ডিএমকে-কে উচিৎ শিক্ষা দেবে।

বিজয় আরও বলেন,

“মানুষ মুখ্যমন্ত্রীর উপর ভরসা হারিয়ে ফেলেছেন। ২০২৬ বিধানসভা নির্বাচনে মানুষ ডিএমকে-কে উচিৎ শিক্ষা দেবে। মানুষের বিচার আমি মাথা পেতে নেব। আমি এখন থেকেই বলছি, ২০২৬-এ দুটি দলের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে—তা হল ডিএমকে এবং টিভিকে। আর তাতে ১০০% জয় আমাদেরই হবে। আমরা ইতিহাস তৈরি করব।”

অভিনেতার রাজনীতিতে প্রবেশ এবং সরাসরি রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করার এই ঘটনা তামিলনাড়ুর আগামী নির্বাচনকে আরও উত্তেজক করে তুলল।