সকালে ঘুম ভাঙলেই তীব্র মাথাব্যথা? কোন রোগের ইঙ্গিত এটা দেখুন

সকালবেলা ঘুম থেকে ওঠার পর সতেজ এবং ফুরফুরে দিন কাটানোর আকাঙ্ক্ষা সবারই থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রেই এই চাওয়া পূরণ হয় না। বরং চোখ খোলে এক প্রকার অস্বস্তি নিয়ে – তীব্র মাথাব্যথা, চোখে যন্ত্রণা, গা গোলানো এবং বমি বমি ভাব নিয়ে। এই অস্বস্তি সারাদিনের মেজাজটাই নষ্ট করে দেয়। সাধারণত যাদের মাইগ্রেন ও হাইপারটেনশন আছে, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। তবে, ঘুম থেকে ওঠার পর হঠাৎ এই মাথাব্যথার আরও কিছু কারণ থাকতে পারে। তাই এমনটা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

সকালে মাথাব্যথার সম্ভাব্য কারণসমূহ:
দৃষ্টিশক্তির সমস্যা: সাধারণ ঠাণ্ডাজনিত মাথাব্যথা আর প্রায়ই মাথাব্যথায় ভোগার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। দৃষ্টিশক্তির সমস্যার কারণেও এমনটা হতে পারে। যদি মাথাব্যথার পাশাপাশি চোখে অস্পষ্ট দেখা কিংবা চোখ থেকে জল পড়ার সমস্যা থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

স্নায়ুগত সমস্যা: মস্তিষ্কের স্নায়ুগত কোনো সমস্যা থাকলেও সকালে মাথাব্যথা দেখা দিতে পারে। এমনটা হলে অজ্ঞান হয়ে যাওয়া বা চোখে অন্ধকার দেখাও অস্বাভাবিক নয়। মাথাব্যথার পাশাপাশি ঘাড়ের ব্যথা, গা গোলানো বা বমি ইত্যাদিও হতে পারে। তবে এসব উপসর্গ মাইগ্রেনের সঙ্গে মিলে যেতে পারে। মাথার পেছন দিকে ঘন ঘন অসহ্য ব্যথা হলে তা টিউমারের লক্ষণও হতে পারে।

স্লিপ অ্যাপনেয়া: স্লিপ অ্যাপনেয়ার সমস্যা থাকলে ঘুমের ভেতরেই শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এছাড়াও নাক ডাকা, গলা শুকিয়ে যাওয়া, ঘুমের মধ্যেই বারবার প্রস্রাব পাওয়া স্লিপ অ্যাপনেয়ার উপসর্গ। এই সমস্যার কারণে ঘুমের ব্যাঘাত ঘটে, যার ফলস্বরূপ সকাল থেকেই শুরু হয় মাথাব্যথা।

মাইগ্রেন: সকালে মাথাব্যথা হওয়ার অন্যতম কারণ হতে পারে মাইগ্রেন। বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ মাইগ্রেন নামক যন্ত্রণার শিকার। মাইগ্রেন থাকলে দৃষ্টিশক্তি খারাপ হতে পারে এবং ক্লান্তিবোধ ঘিরে ধরে। বিশেষ করে সকালে ঘুম ভাঙার পরেই এই যন্ত্রণা শুরু হয়। তবে সবার ক্ষেত্রে এর উপসর্গ একইরকম হয় না, বরং ভিন্ন ভিন্ন হতে পারে।

হ্যাংওভার: মদ্যপান করা স্বাস্থ্যকর অভ্যাস নয়। এর কারণে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। রাতের বেলা মদ্যপান করলে পরদিন সকালে মাথাব্যথা হতে পারে। রাতে বারবার তৃষ্ণা পাওয়া, দ্রুত হৃদস্পন্দন, ক্লান্তি ইত্যাদি দেখা দিতে পারে হ্যাংওভারের কারণে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy