কলকাতা শহরে ফের হিংসার ঘটনা। রবিবার রাতে তপসিয়া থানা এলাকায় সামান্য বাইক রাখা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। আক্রান্ত ব্যক্তির নাম মহম্মদ হানিফ, এবং অভিযুক্তের নাম মহম্মদ জসিমুদ্দিন, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটে রবিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ, অবিনাশ চৌধুরী লেনে। জানা গিয়েছে, মহম্মদ জসিমুদ্দিন-সহ বেশ কয়েকজন রাস্তার মাঝে বাইক রেখে আড্ডা মারছিলেন, যার ফলে রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। সেই সময় মহম্মদ হানিফ এসে জসিমুদ্দিনকে বাইক সরাতে বলেন, যা নিয়ে দুজনের মধ্যে তুমুল বচসা শুরু হয়।
বচসার মাঝেই আচমকা মহম্মদ জসিমুদ্দিন ছুরি বের করে মহম্মদ হানিফকে একের পর এক কোপ মারেন। গুরুতর আহত অবস্থায় হানিফকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হলে তিনি তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেন। এফআইআর-এর ভিত্তিতেই পুলিশ দ্রুত অভিযুক্ত মহম্মদ জসিমুদ্দিনকে গ্রেফতার করে।
আজ সকালে হরিদেবপুরে শ্যুটআউট:
প্রসঙ্গত, রবিবার রাতের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সকালেই আবার খাস কলকাতায় শ্যুটআউটের ঘটনা ঘটে। হরিদেবপুরে বাড়ি থেকে ১০০ মিটার দূরে, ক্লাবের সামনে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই মহিলার পিঠে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে এমআর বাঙুর হাসপাতালে এবং পরে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছে। শহরে পরপর এই ধরনের হিংসাত্মক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।