প্রতিমা, মণ্ডপ ছেড়ে নজর ৬ ফুটের ধূপকাঠিতে! একাই পাঁচ দিন ধরে সুগন্ধে মাতাবে গোটা এলাকা, অভিনব আকর্ষণ কল্যাণগড়ে

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর-কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো এবার এক অভিনব আকর্ষণে সারা ফেলেছে। চন্দননগর ও কৃষ্ণনগরের পুজোর পর এই অঞ্চলের পুজো বিশেষ পরিচিতি লাভ করেছে। এবছর কল্যাণগড়ের কয়াডাঙ্গা নেতাজি সংঘের জগদ্ধাত্রী পুজোয় প্রতিমা, মণ্ডপ ও আলোক সজ্জার পাশাপাশি দর্শকদের চোখ টেনেছে প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল ধূপকাঠি।

এবারের পুজোয় নেতাজি সংঘের মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ‘ময়ূরমহল’-এর থিম। গোটা মণ্ডপ সেজে উঠেছে নজরকাড়া সাজে এবং প্রতিমাতেও রয়েছে ঐতিহ্যের ছাপ। তবে এই সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে দেবীর সামনে রাখা এই বিশাল ধূপকাঠিটি।

উদ্যোক্তাদের দাবি, এই ৬ ফুট লম্বা ধূপকাঠিটি মহানবমীর পূর্ণলগ্নে আনুষ্ঠানিকভাবে জ্বালিয়ে দেবীর চরণে অর্পণ করা হয়েছে এবং এটি টানা পাঁচ দিন ধরে জ্বলবে। এর সুবাস এতটাই তীব্র যে, তা হাওয়ায় ভেসে কয়েক মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ছে এবং সমগ্র এলাকাকে মোহিত করছে।

ইতিমধ্যেই ধূপের মিষ্টি গন্ধ আশপাশের রাস্তাঘাট ভরে দিয়েছে বলে জানাচ্ছেন মণ্ডপে আসা দর্শনার্থী ও স্থানীয় মানুষজন। বিরল এই ধূপকাঠিটি এবার কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। সন্ধ্যা নামতেই কয়াডাঙ্গা নেতাজি সংঘের মণ্ডপে ভিড় উপচে পড়ছে। দর্শকদের কৌতূহল ও আনন্দের পাশাপাশি সুগন্ধে ভরে উঠেছে গোটা প্রাঙ্গণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy