আর বিমান নয়, এবার ট্রেনে চেপে সোজা ভুটান! কম খরচে ভ্রমণের দিন শুরু, বাংলার বানারহাট থেকে মিলবে ট্রেন

ভুটানে যেতে এবার আর বিমান বা সড়কপথে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। ভারতীয় রেলওয়ে বোর্ড ভুটানকে রেলপথে যুক্ত করতে আরও একধাপ এগিয়ে গেল, যার ফলে কম খরচে ভুটান ভ্রমণের পথ খুলে যাবে। রেলের তরফে ইতিমধ্যেই অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গ্যালিফু পর্যন্ত ৬৯ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বানারহাট থেকে সামচে ভুটান পর্যন্ত ২০ কিলোমিটার রেল পথ তৈরির জন্য মোট ৪০৩৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

আলিপুরদুয়ারের ডিআরএম দেবেন্দ্র সিং রেলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, জেলার কামাখ্যাগুড়ি ও বীরপাড়ায় দুটি লেভেল ক্রসিংয়ের ওপর রেলওয়ে ওভার ব্রিজ (ROB) তৈরির পূর্ণাঙ্গ প্রস্তাবও ব্যায় বরাদ্দসহ রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে। তিনি নিশ্চিত করেন, ২০২৭ সালের মধ্যেই শিলিগুড়ির সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত নির্মীয়মাণ রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে।

ডিআরএম বলেন, “ভুটানের শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত গ্যালিফুর সঙ্গে রেল পথে দেশকে জোড়ার কাজ শেষ হলে দুই দেশের আন্তর্জাতিক ব্যবসায় উন্নয়নের জোয়ার আসবে। অন্যদিকে, সামচে ভুটানকেও একটি আন্তর্জাতিক মানের শিল্প শহর হিসেবে গড়ে তুলছে প্রতিবেশী দেশটি। ফলে প্রতিবেশী দেশের ওই দুই প্রধান শিল্প নগরীর সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হলে উত্তর-পূর্ব সীমান্ত রেলে এক নতুন দিগন্ত খুলে যাবে।”

জানা গিয়েছে, এই রুটে প্রথমে পণ্যবাহী এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেন চলবে। অসমের কোকরাঝাড় এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বানারহাট থেকে ভুটানের উদ্দেশে ট্রেন মিলবে। রেল বোর্ড দ্রুত সার্ভের কাজ শেষ করে রেল লাইন পাতার কাজ শুরু করবে। রেলের এই সিদ্ধান্তকে ব্যবসায়ী মহল স্বাগত জানিয়েছে এবং পরবর্তী ধাপে হাসিমারা থেকে জেলার সীমান্ত শহর জয়গাঁ হয়ে ফুন্টসোলিংকেও রেল লাইনের মাধ্যমে জোড়ার দাবি রেখেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy