অস্ট্রেলিয়ায় বিধ্বংসী ফর্মের পুরস্কার, ক্রিকেট ইতিহাসে সবচেয়ে প্রবীণ ব্যাটসম্যান হিসেবে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় রোহিত শর্মা!

ক্রিকেট বিশ্বে বড় খবর! ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ইতিহাস সৃষ্টি করে আইসিসি ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেছেন। ৩৮ বছর বয়সে এই কীর্তি গড়ে, তিনি র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠা সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন। তিনি তাঁর সতীর্থ শুভমন গিলকে সিংহাসনচ্যুত করে দুই ধাপ উপরে উঠে এক নম্বরে এসেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারলেও, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তাঁর ম্যাচ জেতানো শতরানই তাঁকে এই শিখরে পৌঁছে দিয়েছে।

অস্ট্রেলিয়ায় রোহিতের ‘বিরাট’ ফর্ম

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতের রেটিং পয়েন্ট ছিল ৭৪৫। সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ওডিআই-তে তিনি ৯৭ বলে ৭৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এরপর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের জয় নিশ্চিত করার পথে বিরাট কোহলির সঙ্গে রেকর্ড পার্টনারশিপ গড়ে ১২৫ বলে অপরাজিত ১২১ রানের এক বিধ্বংসী শতরান করেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই তাঁর মোট রেটিং পয়েন্ট বেড়ে ৭৮১-এ পৌঁছয় এবং তিনি শীর্ষে ওঠেন।

কিংবদন্তিদের তালিকায় ‘হিটম্যান’

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে রোহিত শর্মা পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন। এর আগে শচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং শুভমন গিল এই নজির গড়েছিলেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওডিআই-তে ১০, ৯ এবং ২৪ রান করার ফলে শুভমন গিল প্রথম স্থান থেকে নেমে তৃতীয় স্থানে এসেছেন। এছাড়া, বিরাট কোহলি তৃতীয় ওডিআই-তে ৭৪ রান করলেও, তিনি এক ধাপ নিচে নেমে ৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy