দীপাবলি বোনাস না পেয়ে কর্মীদের ‘ধর্মঘট’, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বিনা টোল-ফিতে অবাধ যাতায়াত!

দীপাবলি উপলক্ষে দেশের একাধিক সংস্থা যখন কর্মীদের বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে মূল্যবান উপহার দিয়েছে, ঠিক তখনই বোনাস না পাওয়ার প্রতিবাদে এক অভাবনীয় ধর্মঘট দেখল উত্তরপ্রদেশ। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ফতেহাবাদ টোল প্লাজার কর্মীরা বোনাস না পেয়ে এমন সিদ্ধান্ত নিলেন, যাতে কয়েক ঘণ্টায় কেন্দ্রের ক্ষতি হলো বিশাল অঙ্কের।

টোল প্লাজা খুলে দিলেন কর্মীরা

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার টোল প্লাজার কর্মীরা দীপাবলি বোনাস না পাওয়ার প্রতিবাদে ধর্মঘট ডাকেন। কর্মীরা সিদ্ধান্ত নেন, তাঁরা যখন ধর্মঘটে বসবেন, তখন খুলে দেবেন টোল প্লাজা। অর্থাৎ, নির্দিষ্ট অঙ্কের কর পরিশোধ ছাড়াই অবাধে যাতায়াত করতে পারবে যানবাহনগুলি। ফলস্বরূপ, কয়েক ঘণ্টায় হাজার হাজার যানবাহন টোল-ফি না দিয়েই এক্সপ্রেসওয়ে পার হয়ে যায়।

কর্মীদের এই সিদ্ধান্তে সরকারের কয়েক ঘণ্টায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েটি দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের সঙ্গেও যোগাযোগ স্থাপন করে, তাই এই সড়কের গুরুত্ব অত্যন্ত বেশি।

ধর্মঘটে অংশ নেওয়া এক কর্মী সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, তাঁরা গত এক বছর ধরে কঠোর পরিশ্রম করছেন, কিন্তু দীপাবলিতে তাঁদের কোনো বোনাস দেওয়া হয়নি। সময়মতো বেতন না পাওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা।

চণ্ডীগড়ের সংস্থার উপহারে চমক

অন্যদিকে, এই উৎসবের আবহে চণ্ডীগড়ের এক ফার্মাসিউটিক্যাল সংস্থা কর্মীদের বিলাসবহুল উপহার দিয়ে শিরোনামে এসেছে। এমআইটিস গ্রুপের ফাউন্ডার ও চেয়ারপারসন এমকে ভাটিয়া দিওয়ালি উপলক্ষে কর্মীদের মোট ৫১টি এসইউভি (SUV) গাড়ি উপহার দিয়েছেন। ভাটিয়া তাঁর কর্মজীবনে একসময় দেউলিয়া হয়ে গিয়েছিলেন। কিন্তু ২০১৫ সালে সাফল্যের মুখ দেখার পর তিনি দক্ষতার স্বীকৃতিস্বরূপ কর্মীদের স্করপিও গাড়ির চাবি তুলে দেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy