নিরামিষ বিরিয়ানির (Veg Biryani) বদলে আমিষ বিরিয়ানি (Non-Veg Biryani) পরিবেশন করার মতো সামান্য ভুলের জেরে মর্মান্তিক পরিণতি। ক্রেতার সঙ্গে তুমুল বচসার পর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক হোটেল মালিকের। শনিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচিতে (Ranchi) এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।
কীভাবে ঘটল এই হত্যাকাণ্ড?
পুলিশ সূত্রে খবর, নিহত হোটেল মালিকের নাম বিজয়কুমার নাগ (৪৭)। তিনি রাঁচীর কাঁকে-পিথোরিয়া রোডের ধারে একটি খাবারের দোকান চালাতেন। ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ।
সূত্রের খবর অনুযায়ী, ওই হোটেলে এক গ্রাহক নিরামিষ বিরিয়ানির অর্ডার দেন। কিন্তু অভিযোগ, কর্মীর ভুলে তাঁকে ভুল করে মাংসসমেত আমিষ বিরিয়ানি পার্সেল দেওয়া হয়। পার্সেল নিয়ে যাওয়ার কিছু ক্ষণ পরেই ওই ক্রেতা আরও কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে দোকানে ফিরে আসেন। এরপরই নিরামিষের বদলে আমিষ বিরিয়ানি দেওয়ার অভিযোগ তুলে বিজয়কুমারের সঙ্গে তাঁদের তীব্র কথা কাটাকাটি শুরু হয়।
গ্রামীণ পুলিশ সুপার প্রবীণ পুষ্কর জানান, বচসা চলাকালীন হামলাকারীদের মধ্যে এক জন আচমকা হোটেল মালিক বিজয়কুমার নাগকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সোজা তাঁর বুকে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
উত্তেজনা ও জনতা-অবরোধ:
এই নৃশংস খুনের ঘটনার জেরে রবিবার সকালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। কাঁকে থানার আধিকারিক (ওসি) প্রকাশ রজক বলেন, “দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা সকালে কাঁকে-পিথোরিয়া রোড অবরোধ করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর সেই অবরোধ তুলে নেওয়া হয়।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় হোটেলের মালিক বিজয়কুমার একটি টেবিলে বসে খাবার খাচ্ছিলেন। নিছক একটি ভুল নিয়ে বচসার জেরে এই খুন নাকি এর পিছনে অন্য কোনও পুরনো উদ্দেশ্য ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (আরআইএমএস)-এ পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে।