উৎসবের মরসুমের শুরুতেই এক বড় দুর্ঘটনার খবর। আজ, শনিবার সকালে পঞ্জাবের অম্বালা ও সিরহিন্দ স্টেশনের মাঝে গরিব রথ ট্রেনে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক কামরায়।
জানা গিয়েছে, আচমকাই ট্রেনের ইঞ্জিনের কাছে আগুন দেখা যায় এবং দ্রুত তা অন্যান্য কামরার দিকে ছড়িয়ে পড়তে থাকে। এই পরিস্থিতিতে আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বহু যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটেন।
স্থানীয় রেল সূত্রে খবর, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ট্রেনটি দিল্লি যাওয়ার পথে ছিল এবং দমকল কর্মীদের খবর দেওয়া হয়েছে। ট্রেনটিকে জরুরি ভিত্তিতে থামিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অম্বালা-সিরহিন্দ রুটে ট্রেন চলাচল আপাতত ব্যাহত হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে হতাহতের খবর এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।