১ টাকা থেকে দেড় টাকায় বিক্রি হচ্ছে জবা ফুল! কালীপুজোর মরসুমে ফুল চাষ করে স্বাবলম্বী হচ্ছে পুরুলিয়া ১ নম্বর ব্লকের কৃষকরা

রুক্ষ লাল মাটির জেলা পুরুলিয়ায় এবার জবা ফুল (Hibiscus) চাষ করে লক্ষ্মী লাভ করছেন কৃষকেরা। মূলত কালীপুজোর মরসুমকে লক্ষ্য করে পতিত জমিতে এই ফুল চাষ করে বিকল্প রোজগারের পথ খুঁজে পেয়েছেন তাঁরা। বাণিজ্যিকভাবে এই প্রথমবার পুরুলিয়া এক নম্বর ব্লকে জবা ফুল চাষ করে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

পুরুলিয়া এক নম্বর ব্লকের ডিমডিয়া গ্রাম পঞ্চায়েতের ভুল গ্রামের কৃষক দিলীপ কুম্ভকার নিজের দু-বিঘা জমিতে প্রথমবার জবা ফুল চাষ করেছেন। তিনি প্রায় ২০০টি জবা গাছ লাগিয়েছেন। কৃষি দফতরের ‘আতমা প্রকল্পের’ তত্ত্বাবধানে এই চাষ করেছেন তিনি।

কৃষক দিলীপ কুম্ভকার বলেন, “প্রথমবার জবা ফুল চাষ করে দেখলাম, এটি যথেষ্ট লাভজনক। কালীপুজোর আগে ভালো দরে আমার ফুল বিক্রি হচ্ছে। এতে আমি আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হয়েছি।” তিনি জানিয়েছেন, জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁকে সব দিক থেকে সহযোগিতা করা হয়েছে এবং আগামীদিনে তিনি আরও ব্যাপক হারে জবা ফুল চাষের পরিকল্পনা করছেন।

এ বিষয়ে পুরুলিয়া এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা তন্ময় সাহা বলেন, জবা ফুল হলো বহুবর্ষজীবী উদ্ভিদ। অল্প পরিশ্রমে এবং স্বল্প খরচে এই ফুল চাষ করে চাষিরা ব্যাপক লাভ করতে পারেন। বর্তমানে পুরুলিয়া জেলাতে ফুলের বিপুল চাহিদা রয়েছে। কালীপুজোর মরশুমে এই লাভ আরও বেশি হয়।

সহ কৃষি অধিকর্তা আরও জানান, জবা ফুল বর্তমানে এক টাকা থেকে দেড় টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। বিশেষ করে পতিত জমিগুলিতে অনায়াসেই এই সমস্ত ফুল চাষ করে কৃষকরা বিকল্প রোজগারের পথ প্রশস্ত করতে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy