‘ভারতীয় মুসলিমদের চিন্তা নেই SIR নিয়ে’! বিস্ফোরক শুভেন্দু অধিকারী, নাগরাকাটায় মুখ্যমন্ত্রীকে ধুয়ে দিলেন বিরোধী দলনেতা

নাগরাকাটার সভা থেকে ফের একবার বিস্ফোরক মেজাজে ধরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের প্রস্তাবিত ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (SIR) বা নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
এদিন জলপাইগুড়ির নাগরাকাটার জনসভা মঞ্চ থেকে SIR (ভোটার তালিকা সংশোধন)-কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা। রাজ্যের শাসকদলের আপত্তির প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী জোরের সঙ্গে দাবি করেন, SIR নিয়ে তৃণমূল অহেতুক রাজনীতি করছে। তিনি বলেন, “SIR নিয়ে ভারতীয় মুসলমানদের কোনও চিন্তা নেই।”
শুভেন্দু অধিকারীর স্পষ্ট ইঙ্গিত, এই সংশোধনী প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের ভোটার তালিকা থেকে বহু ‘অবৈধ’ নাম বাদ পড়তে চলেছে। তিনি দাবি করেন, এর ফলে প্রায় ২.৪ কোটি নাম বাদ যাবে।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ হিসেবে আখ্যা দিয়ে শুভেন্দু হুঁশিয়ারি দেন, এই প্রক্রিয়ার ফলেই তৃণমূল বড় ধাক্কা খাবে। তিনি স্লোগান দেন, “SIR-এর সেমি ফাইনালেই পিসি ভাইপো ভোকাট্টা।”
শুধু আক্রমণ নয়, সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদলের উদ্দেশে তাঁর কড়া বার্তা, “দম থাকলে SIR আটকে দেখান।”
বিরোধী দলনেতার এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্যের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আসেনি।