‘টিটকারি মারলে প্রতিবাদ চাই’! স্কুটারে ধাওয়া করে ভরা বাজারে হেনস্তাকারীকে থাপ্পড় মারলেন উত্তরপ্রদেশের মহিলা

‘টিটকারি বা অশ্লীল মন্তব্য করে অপমান করলে হেনস্তাকারীকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না, বরং প্রতিবাদ করতে হবে’—এই বার্তাই যেন নিজের কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন উত্তরপ্রদেশের এক প্রতিবাদী মহিলা। স্কুটারে চেপে এসে লোকটিকে প্রথমে দাঁড় করালেন, তারপর একের পর এক থাপ্পড় মারলেন।

বৃহস্পতিবার ফতেহপুরের জয়ন্তী মার্কেট এলাকার ওই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাজারের মাঝখানে হেনস্তাকারীকে দাঁড় করিয়ে অপমানের যোগ্য জবাব দিয়েছেন মহিলা। অভিযোগ, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ওই মহিলাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করছিলেন।

কীভাবে ঘটল এই ঘটনা?
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মহিলা ব্যক্তিটিকে অপমানজনক মন্তব্যের জন্য একের পর এক থাপ্পড় মারছেন। অভিযোগ করেছেন, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় তাঁকে হেনস্থা করেছেন।

জানা গেছে, প্রথমে মহিলা কোনও প্রতিক্রিয়া দেখাননি। কিন্তু যখন হেনস্তাকারী তাঁর প্রতি অশ্লীল মন্তব্য করতেই থাকেন, তখন তিনি রেগে গিয়ে স্কুটিতে তার পিছনে ধাওয়া করেন। বাজারের মাঝখানে তাঁকে পথ আটকান এবং বারবার থাপ্পড় মেরে বুঝিয়ে দেন আবার এমন মন্তব্য করলে তাঁর ফল ভালো হবে না। ভিডিওতে দেখা যায়, বহু মানুষ তাঁদের চারপাশে ভিড় করেছে। এক সময় সেখানে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টায় উদ্যত হন এবং ওই ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে বলেন।

সাম্প্রতিক প্রতিবাদী ঘটনা
হেনস্তাকারীকে জনসমক্ষে উচিত শিক্ষা দেওয়ার এমন ঘটনা সাম্প্রতিককালে দেশে আরও ঘটেছে:

মহারাষ্ট্রের থানে: গত মাসে, থানেতে এক ৫৪ বছর বয়সি ব্যক্তি নাবালিকাকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার হন। সেই ঘটনায় ওই নাবালিকা এবং তার মা জুতো দিয়ে অভিযুক্তকে মারধর করেছিলেন, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

পশ্চিমবঙ্গের হুগলি: জুলাইয়ে হুগলি জেলায় এক হেনস্তাকারীকে স্থানীয়রা গলা জুতোর মালা, মুখে গোবর লেপে এবং মাথায় পচা ডিম ফাটিয়ে শাস্তি দিয়েছিলেন। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।

উত্তরপ্রদেশের এই ঘটনা আবারও প্রমাণ করল, রাস্তায় হেনস্থার শিকার হলে মহিলারা এখন চুপ করে বসে নেই, বরং কড়া প্রতিবাদে তারা এগিয়ে আসছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy