আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সোনা জয় করে গোটা ভারতের মুখ উজ্জ্বল করল দিঘার কন্যা সমাপ্তি জানা। গত ১৩ই অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগা ২০২৫ প্রতিযোগিতা পরিচালিত ট্র্যাডিশনাল ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন দিঘার ভোগী ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা এই খুদে ছাত্রী। তাঁর এই সাফল্যে খুশি পূর্ব মেদিনীপুরের দিঘা।
১৮টি দেশকে টেক্কা দিয়ে স্বর্ণপদক
সমাপ্তি জানা স্থানীয় ভোগী ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
প্রতিযোগিতা: কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন।
সাফল্য: ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে সবাইকে টেক্কা দিয়ে স্বর্ণপদক জয় করে সে।
সমাপ্তির বাবা রোহিনী জানা একজন সামান্য হোটেল কর্মী এবং মা রিনা জানা গৃহবধূ। মেয়ের এই সাফল্যে তাঁরা ভীষণ খুশি। রোহিনীবাবু বলেন, “ও আমার কাছে সোনার মেয়ে। কারণ সে ভারত ও দিঘার গর্ব। মালয়েশিয়ায় গিয়ে যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ভারতের মুখ উজ্জ্বল করেছে।”
দিঘায় ফিরতেই সংবর্ধনা ও ট্যাবলো পরিক্রমা
এদিন দিঘায় নামতেই সোনার মেয়ে সমাপ্তিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। প্রদিমা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চন্দ তাঁর হাতে ফুলের স্তবক, মিষ্টি এবং আর্থিক সাহায্য তুলে দেন।
অশোক চন্দ বলেন, “এই মেয়ে শুধু আমাদের দিঘার নয়, গোটা রাজ্যের গর্ব। ভারতের হয়ে সোনাজয়ী পরবর্তীকালে যদি আরও বৃহত্তর জায়গায় যেতে চায়, আমরা তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”
দিঘায় আসতেই সমাপ্তিকে ট্যাবলো করে গোটা শহরে পরিক্রমা করানো হয়। দিঘায় বেড়াতে আসা পর্যটকরাও তাঁকে অভিনন্দন জানান।
সমাপ্তির যোগাসন প্রশিক্ষক বিজয় পাল বলেন, “আমি এতদিন অবধি যোগাসনে ন্যাশনাল পর্যায়ে খেলাধূলা করেছি, কিন্তু আমার ছাত্রী আজ ইন্টারন্যাশনাল পর্যায়ে সোনা জয় করেছে। এটা আমাদের কাছে গর্বের ব্যাপার।” তিনি জানান, পরবর্তীকালে ভিয়েতনামে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁর কথায়, কন্যা সন্তানকে সঠিকভাবে প্রশিক্ষণ দিলে সে আরও অনেক বড় জায়গায় যেতে পারবে।