৩১ লক্ষ গ্রাহক জালিয়াত! স্বামী-স্ত্রী দু’জনেই পাচ্ছেন কিষাণ নিধির টাকা, কেন্দ্র সরকারের নজরে বড় বেনিয়ম

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্পে বড়সড় জালিয়াতির ঘটনা সামনে এসেছে। কেন্দ্রীয় সরকার প্রায় ৩১.০১ লক্ষ গ্রাহককে সন্দেহজনক বলে চিহ্নিত করেছে, কারণ দেখা গিয়েছে— কৃষক পরিবারের নিয়ম ভেঙে স্বামী ও স্ত্রী দু’জনেই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন।

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের তরফে করা এক বিশেষ যাচাই অভিযানের সময় এই তথ্য উঠে এসেছে।

জালিয়াতির চিত্র ও কেন্দ্রের পদক্ষেপ
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর তথ্য অনুযায়ী, সন্দেহজনক ৩১.০১ লক্ষ গ্রাহকের মধ্যে ১৯.০২ লক্ষ গ্রাহকের তথ্য ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। এর মধ্যে ১৭.৮৭ লক্ষ গ্রাহক অর্থাৎ ৯৩ শতাংশই স্বামী-স্ত্রী উভয় জালিয়াতিতে জড়িত।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির নিয়ম অনুযায়ী, কৃষক পরিবারের শুধুমাত্র একজন সদস্যই এই সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন।

অন্যান্য বেনিয়ম: কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই যোজনায় দেশে মোট ১.৭৬ লক্ষ গ্রাহক নাবালক এবং পরিবারের অন্য সদস্য সুবিধা নিচ্ছেন।

জরুরি নির্দেশ: এই বিপুল পরিমাণ জালিয়াতি সামনে আসার পরই কৃষি মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয়েছে এবং আগামী ১৫ অক্টোবরের মধ্যে কিসান সম্মান নিধি যোজনার সমস্ত গ্রাহকের যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পিএম কিষাণ প্রকল্প ও বরাদ্দ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করেছিলেন। বর্তমানে দেশে মোট ৯.৭ কোটি গ্রাহক এই প্রকল্পের সুবিধা পান। এই যোজনার অধীনে বছরে ৬ হাজার টাকা তিনটি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে নতুন সুবিধাভোগীদের রেজিস্ট্রেশনের জন্য ‘কিসান আইডি’ বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ বাজেটে এই যোজনার জন্য মোট ৬৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।