অস্ট্রেলিয়ায় পা দিয়েই বিরাট কোহলির ইঙ্গিতবাহী পোস্ট! সাত মাস পর কামব্যাক, কেন তিনি লিখলেন—”হেরে যাবে সেই মুহূর্তে…”?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নির্ধারিত সময়ের চার ঘণ্টা দেরিতে ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে পারথে পৌঁছেছে টিম ইন্ডিয়া (Team India)। সাত মাস পর দেশের জার্সিতে খেলতে দলের সঙ্গে ক্য়াঙারুর দেশে উড়ে গিয়েছেন ‘দ্য রানমেশিন’ বিরাট কোহলি (Virat Kohli)। তবে সেখানে পৌঁছতেই তাঁর একটি ইঙ্গিতবাহী সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
বিরাটের ইঙ্গিতবাহী পোস্ট: ‘হাল ছেড়ে দিলেই হার’
ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ অর্থাৎ, অস্ট্রেলিয়ায় পা দেওয়ার খানিক পরেই বিরাট তাঁর ‘এক্স’ হ্যান্ডলে একটি অনুপ্রেরণামূলক পোস্ট করেন। তিনি লেখেন:
“যে মুহূর্তে তুমি হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে সেই মুহূর্তে তুমি প্রকৃতপক্ষে হেরে যাবে।”
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ওডিআই ক্রিকেটে ১৪,১৮১ রানের মালিক এই পোস্ট করলেন, তা স্পষ্ট না-হওয়ায় অনুরাগীরা নানা জল্পনা করছেন। তবে অধিকাংশের মতে, ২০২৭ বিশ্বকাপে তাঁর দলে থাকা নিয়ে চারপাশে যখন এত শোরগোল, তখন নিজেকে মোটিভেট রাখতেই হয়তো এমনটা লিখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সাত মাস পর প্রত্যাবর্তন কোহলি-রোহিতের
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছর অবসর নেওয়ার পর এবং ইংল্যান্ড সফরে টেস্ট ক্রিকেটকে আলবিদা জানানোর পর বিরাটের ফোকাস এখন ওয়ান ডে ক্রিকেটে। আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্সকে খেতাব জেতাতে সাহায্য করার পর এবার সাত মাসেরও বেশি সময় পর তিনি জাতীয় দলে ফিরলেন।
বিরাটের পাশাপাশি রোহিত শর্মাও (Rohit Sharma) সাত মাস পর জাতীয় দলের হয়ে খেলবেন। মুম্বইকরের নেতৃত্ব চলে গেলেও তিনি ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছেন।
দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সম্প্রতি জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা থাকলেও এই দুই তারকার প্রত্যাবর্তন অস্ট্রেলিয়া সফরে দলকে উদ্বুদ্ধ করবে।
সিরিজের সূচি
আগামী ১৯ অক্টোবর পারথে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ান-ডে ম্যাচ খেলবে শুভমন গিলের ভারত। এরপর ২৩ অক্টোবর এবং ২৫ অক্টোবর সিরিজের বাকি দু’টি ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে অ্যাডিলেড এবং সিডনিতে। ওয়ান-ডে সিরিজ পরবর্তী অজিভূমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত।