কুলদীপের ৫ উইকেট সত্ত্বেও দ্বিতীয় টেস্টে ম্যাচে ফিরল ওয়েস্ট ইন্ডিজ, প্রতিরোধ গড়লেন ক্যাম্পবেল-হোপ

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ইনিংসে গো-হারা হওয়ার পর, দ্বিতীয় টেস্টে দেরিতে হলেও কিছুটা লড়াই দেখাল ওয়েস্ট ইন্ডিজ। যদিও রবিবার ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস ২৪৮ রানে গুটিয়ে যায়। ২৭০ রানে এগিয়ে থেকে ভারত সফরকারী দলকে ফলো-অনে পাঠায়। তবে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে জন ক্যাম্পবেল ও শাই হোপের অপরাজিত জুটিতে ঘুরে দাঁড়াল ক্যারিবিয়ানরা, রান ১৭৩/২।
এই দুই ব্যাটসম্যানের অবিশ্বাস্য প্রতিরোধে দ্বিতীয় টেস্টে ভারতের ইনিংস জয়ের আশা ক্ষীণ হয়ে এসেছে। ক্যাম্পবেল-হোপ জুটির ১৩৮ রানের অবিভক্ত পার্টনারশিপের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ এখন ভারতের থেকে মাত্র ৯৭ রানে পিছিয়ে।
কুলদীপের ঘূর্ণিতে প্রথম ইনিংস গুটিয়ে গেল:
চার উইকেটে ১৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে আরও ১০৮ রান যোগ হতেই বাকি ছয় উইকেটের পতন হয়। এর প্রধান কারণ ছিল কুলদীপ যাদবের ঘূর্ণি। দ্বিতীয় দিন এক উইকেট নেওয়া এই চায়নাম্যান বোলার তৃতীয় দিন নেন আরও চারটি উইকেট।
কেরিয়ারে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কুলদীপ যাদব (৮২ রানে ৫ উইকেট) প্রতিপক্ষের ফলো-অনের রাস্তা পাকা করে দেন। দ্বিতীয় সর্বাধিক ৪৬ রানে তিন উইকেট পান রবীন্দ্র জাদেজা, যদিও তৃতীয় দিন তিনি উইকেটহীন থাকেন।
দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের লড়াই:
প্রথম ইনিংসে আড়াইশোর মধ্যে বেঁধে রাখার পর, দ্বিতীয় ইনিংসে ওপেনার ত্যাগনারায়ণ চন্দ্রপল (১০) এবং অ্যালিক অ্যাথানাজে (৭)-কে ফিরিয়ে ভালো শুরু করেছিল ভারতীয় বোলাররা। ৩৫ রানে জোড়া উইকেট হারানোর পর দিনের বাকি ৩৪ ওভার অবিশ্বাস্য প্রতিরোধ গড়েন জন ক্যাম্পবেল ও শাই হোপ।
দিনের শেষে ৮৭ রানে অপরাজিত ওপেনার ক্যাম্পবেল। ১৪৫ বলে খেলা এই ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে, ১০৩ বল খেলে হোপ অপরাজিত রয়েছেন ৬৬ রানে।
যা পরিস্থিতি, তাতে ওয়েস্ট ইন্ডিজের বড়সড় ব্যাটিং বিপর্যয় না ঘটলে চতুর্থ বা পঞ্চম দিনে ব্যাট হাতে নামতে হতে পারে ভারতীয় দলকে। চতুর্থ দিন সকালে ক্যাম্পবেল-হোপ জুটির প্রতিরোধ ভাঙতে ভারতীয় বোলাররা কত দ্রুত সফল হন, এখন সেটাই দেখার বিষয়।