৭,৬১৬ টাকার চেকে সাংঘাতিক বানান ভুল! সাসপেন্ড সরকারি স্কুলের শিক্ষক

একটি সরকারি স্কুলের অঙ্কন শিক্ষককে চেকে একাধিক বানান ভুল লেখার কারণে সাসপেন্ড করেছে শিক্ষা দফতর। কিন্তু এই ঘটনার চেয়েও বড় চমক হলো— শিক্ষককে সাসপেন্ড করার জন্য শিক্ষা বিভাগ যে আদেশ জারি করেছে, তাতেও রয়েছে অসংখ্য বানান ভুল। এই ঘটনায় হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় শিক্ষা বিভাগের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর ইস্যু করা ৭,৬১৬ টাকার একটি চেক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সিরমৌর জেলা সদর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত একটি সরকারি সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের ওই অঙ্কন শিক্ষক চেকে টাকার অঙ্ক কথায় লিখতে গিয়ে সাংঘাতিক ভুল করেন। তিনি লেখেন: “Saven Thursday Six Harendra Sixtey”।

এই হাস্যকর ভুলের চেকের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে সরকারের শিক্ষা বিভাগ সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়ে। শিক্ষককে অবিলম্বে সাসপেন্ড করেছে শিক্ষা দফতর। জেলা শিক্ষা আধিকারিক রাজীব ডোগরা জানিয়েছেন, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শিক্ষককে চিঠি পাঠিয়ে জবাব তলব করা হয়েছে।

শিক্ষা দফতরের আদেশেও অসংখ্য ভুল!
আশ্চর্যজনকভাবে, অঙ্কন শিক্ষককে বানান ভুলের জন্য শিক্ষা বিভাগ যে সাসপেন্ডের আদেশ জারি করেছে, তাতেও একাধিক বানান ভুল রয়েছে। আদেশটিতে ‘Sirmour’, ‘Educatition’, ‘Princpal’-এর মতো শব্দের ভুল বানান দেখা যায়।

এই দ্বিমুখী ঘটনা নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে শিক্ষা দফতরের ডিরেক্টর রাজীব ঠাকুর সাফাই দেন। তিনি বলেন, “শিক্ষককে জারি করা সাসপেন্ডের আদেশে একটি ক্লারিক্যাল মিসটেক ছিল, যা সংশোধন করা যেতে পারে, তবে চেকের ভুলটি সংশোধনযোগ্য ছিল না। তিনি শব্দের বানান পরিবর্তন করেছেন।”