বিজয়া দশমীতে মর্মান্তিক দুর্ঘটনা, ধূপগুড়িতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত ৪, গুরুতর আহত ৬

বিজয়া দশমীর আনন্দের মাঝে শোকের ছায়া নেমে এল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ির দুই নং ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারালেন এবং ছয় জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এশিয়ান হাইওয়ের পাশে একটি দোকানের সামনে প্রায় ১০-১২ জন মানুষ আড্ডা দিচ্ছিলেন। সেই সময় জলপাইগুড়ির দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি দোকানে ঢুকে পড়ে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দোকানের সামনে বসে থাকা এবং দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে গাড়িটি পিষে দেয়।
৪ জনের মৃত্যু, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক
জোরাল শব্দ শুনে আশেপাশের মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং পুলিশ ও দমকল কেন্দ্রে খবর দেন। পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত আহতদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান।
নিহত ৪ জন: হাসপাতালে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়, পরে মৃত্যু হয় আরও একজনের। দুর্ঘটনায় নিহতরা হলেন— সন্তোষ রায় (৪৫), সুনীল কুমার বিশ্বাস (৬৭), ডোকসা রায় (৪০) ও শম্ভুনাথ রায়।
আহত ৬ জন: আহত বাকি ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ও আহত প্রত্যেকেই ধূপগুড়ি শহরের ১৫ ও ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে।