হাঁসফাঁস গরমের ইতি! দিল্লিতে নামল ঝমঝমিয়ে বৃষ্টি, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে?

দিল্লি-এনসিআর জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। পুরো আকাশ ঢেকে ফেলেছে মেঘের চাদর, দিনের আলো হয়েছে ম্লান। আবহাওয়া দফতর মঙ্গলবার ও বুধবারও দিল্লি ও তার আশেপাশের অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নবরাত্রির অষ্টমী ও নবমীর দিন, অর্থাৎ মঙ্গল ও বুধবারের এই বৃষ্টি দিল্লির তাপমাত্রায় পতন ঘটাতে পারে। পূর্বাভাস অনুসারে, মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এটি মারাত্মক গরম ও আর্দ্রতা থেকে স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।
২-৩ ডিগ্রি নামবে তাপমাত্রা, দশেরাতেও মেঘলা
দিল্লি-এনসিআর-এ ২ অক্টোবর দশেরার দিনও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তীব্র গরমের মাঝে এই বৃষ্টি তাপমাত্রাকেও প্রভাবিত করবে। আবহাওয়া দফতরের মতে, ৬ অক্টোবর পর্যন্ত দিল্লি-এনসিআর-এর তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। এছাড়াও, ৩, ৪, ৫ এবং ৬ অক্টোবরও আকাশ মেঘলা থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দিল্লির অন্যান্য এলাকাতেও বৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতের আবহাওয়া দফতরের (IMD) মতে, দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫.৪ ডিগ্রি বেশি। তবে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। সব মিলিয়ে, দিল্লির তাপমাত্রা ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস। উল্লেখ্য, গত রবিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২৩ সালের পর সেপ্টেম্বরের সবচেয়ে উষ্ণতম দিন ছিল।
বৃষ্টিতে ভিজেছে নয়ডা ও দিল্লির সংলগ্ন এলাকাগুলি। বসন্ত বিহার, এইমস, ধৌলা কুয়ান, ইন্ডিয়া গেট, চাণক্যপুরী, কনট প্লেস, মান্ডি হাউস, গীতা কলোনি, ময়ূর বিহার, গান্ধী নগর, নয়ডা এবং ফরিদাবাদের মতো এলাকাগুলিতে ধুলো ঝড় ও তারপর বৃষ্টি হয়েছে।