এটা আমার সম্মান’, এশিয়া কাপের সব ম্যাচ ফি ভারতীয় সেনাকে উৎসর্গ করলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব!

ভারতের এশিয়া কাপ (Asia Cup 2025) জয়ের পর আরও একবার হৃদয় জিতলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি জানিয়ে দিয়েছেন, এশিয়া কাপের সব ম্যাচের পুরো ফি তিনি ভারতীয় সেনাবাহিনী এবং পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারের জন্য উৎসর্গ করতে চান।
গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর তিনিই প্রথমবার পহেলগাঁওয়ের নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন এবং ভারতীয় আর্মির জন্য সেই জয় উৎসর্গ করেছিলেন।
আইসিসি-র সতর্কবার্তা সত্ত্বেও সিদ্ধান্তে অনড়
সূর্যকুমারের এই দেশপ্রেমমূলক মন্তব্যের জন্য আইসিসি-র কাছ থেকে শাস্তি ও সতর্কবার্তাও এসেছিল। ফাইনালের আগে আইসিসি-র পক্ষ থেকে ভারত অধিনায়ককে কোনওরকম রাজনৈতিক মন্তব্য না করার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু পিছপা হলেন না সূর্যকুমার। দেশ যে সবার আগে, সেই বার্তা তিনি আরও একবার প্রমাণ করে দিলেন।
সাংবাদিক বৈঠকে সতীর্থ অভিষেক শর্মাকে পাশে নিয়ে তিনি বলেন, “হয়তো আবার বিতর্ক হবে। অবশ্য বিতর্কের কিছু নেই। এটা আমার তরফে একটা সম্মান। আমি ব্যক্তিগতভাবে এশিয়া কাপের সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় সেনাকে উৎসর্গ করতে চাই। এটাই সেনার প্রতি আমার সম্মান।” এরপর দু’জনেই উঠে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানান।
ট্রফি না দেওয়ায় ক্ষুব্ধ সূর্যকুমার, দিলেন কড়া জবাব
এশিয়া কাপ ফাইনাল শেষে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি। কিন্তু বিসিসিআইয়ের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় দল নকভির হাত থেকে কোনওভাবেই ট্রফি নেবে না বলে ঠিক করে। সেই মতো ভারতীয় দল মাঠেই দাঁড়িয়ে ছিল।
কিন্তু নকভি অন্য কারও হাত থেকে ট্রফি দিক, এমনটা চাননি। শেষ পর্যন্ত তিনি ট্রফি নিয়েই বেরিয়ে যান, যা ক্রিকেট বিশ্বে বিরল ঘটনা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সূর্যকুমার যাদব বলেন:
“আমার কেরিয়ারে এমনটা কখনও হয়নি। আমি ক্রিকেট খেলার পর থেকে বা ক্রিকেট যখন থেকে দেখছি, কোনওদিনই এমনটা হয়নি। একটা চ্যাম্পিয়ন দলকে ট্রফিই দেওয়া হলো না। এটা কোনওভাবেই কাম্য নয়।”
তবে হতাশা ঝেড়ে ফেলে তিনি বলেন, “আমার কাছে আমার দলের প্রত্যেক প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা সবাই ট্রফি। ওঁরাই আমার আসল ট্রফি।”