এশিয়া কাপ জয় ঘিরে উত্তপ্ত রাজনীতি, কংগ্রেসকে পাকিস্তানের ‘বি-টিম’ বলে তীব্র কটাক্ষ বিজেপির, কাঠগড়ায় রাহুল গান্ধী

ভারতীয় ক্রিকেট দলের এশিয়া কাপ (Asia Cup 2025) জয়কে কেন্দ্র করে দেশের রাজনীতিতে ফের তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। পাকিস্তানকে (Pakistan) হারিয়ে ভারত কাপ ঘরে তুললেও, কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় দলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা না জানানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাহুল গান্ধী ও তাঁর দল। বিজেপি সরাসরি হাত শিবিরকে পাকিস্তানের ‘বি-টিম’ বলে কটাক্ষ করছে।
বিজেপির কড়া আক্রমণ
সোমবার বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “রাহুল গান্ধী নাকি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সেরা বন্ধু। তাই ভারতের জয়েও কংগ্রেস জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান করছে।”
তাঁর অভিযোগ, “একদিকে পাকিস্তানকে মাঠে হারালেও রাহুল গান্ধী এখনও ভারতীয় দলকে অভিনন্দন জানাননি। অন্যদিকে, যখন পাকিস্তান কোণঠাসা, তখন কংগ্রেসের নেতারা খেলোয়াড়সুলভ আচরণের কথা বলছেন। কেন কংগ্রেস বারবার পাকিস্তানের পক্ষ নেয়? ‘অপারেশন সিঁদুরে’ কংগ্রেস পাকিস্তানের পাশে ছিল, এবারও তাই। কংগ্রেস হলো পাকিস্তানের ‘বি-টিম’।”
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও রাহুল ও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাঁর বক্তব্য, “পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়ের পরও কংগ্রেসের একটিও টুইট নেই। যেন ওরা পাকিস্তানের কাছ থেকে অনুমতির অপেক্ষায় রয়েছে। রাহুল গান্ধী ও তাঁর দল পাকিস্তানের সঙ্গেই এক সারিতে দাঁড়িয়ে রয়েছে।”
ট্রফি জয় এবং বিতর্কের আগুন
রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ভারত ন’বারের জন্য এশিয়া কাপ জেতে। পাকিস্তান মাত্র ১৪৬ রানে অলআউট হয়েছিল।
ম্যাচের আগেই উত্তেজনা তৈরি হয়েছিল পাক ক্রিকেটারদের উস্কানিমূলক অঙ্গভঙ্গিতে। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের হারিস রউফ ভারতীয় সমর্থকদের দিকে ‘প্লেন ডাউন’ ভঙ্গি করেছিলেন, যা ‘অপারেশন সিঁদুর’কে ঘিরে পাকিস্তানের ভুয়ো প্রচারের ইঙ্গিত। পরে তাঁর উইকেট নেওয়ার পর জসপ্রীত বুমরা একই ভঙ্গিতে পাল্টা জবাব দেন।
ফাইনালে জয়ের পরও বিতর্ক তৈরি হয়। ভারতীয় দল এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করে। কারণ, ট্রফি দেওয়ার দায়িত্বে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি। ক্ষুব্ধ নকভি ট্রফি ও মেডেল নিয়ে স্টেডিয়াম ছাড়েন।
বিরোধীদের প্রতিক্রিয়া
ভারতীয় দলের ট্রফি নিতে অস্বীকার করা নিয়েও সমালোচনা করেছে বিরোধীরা। এক কংগ্রেস নেতা পাল্টা অভিযোগ করেন, “সবই সাজানো নাটক। খেলতে কোনও সমস্যা হয়নি, কিন্তু ট্রফি নিতে আপত্তি কোথায়? আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।”
এশিয়া কাপের এই জয়কে ঘিরে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে চলতে থাকা এই রাজনৈতিক চাপানউতোর জনমানসে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।