ডায়েট ভুলে রাস্তায় ফুচকা খেলেন সন্দীপ্তা সেন! স্বামীর সঙ্গে পুজোর শ্যুটের ফাঁকে স্ট্রিট ফুডে মজেছেন নায়িকা

পুজো মানেই যেমন প্যান্ডেল হপিং আর আড্ডা, তেমনই জমিয়ে খাওয়া-দাওয়া। সারা বছর কঠোর ডায়েট মেনে চললেও, উৎসবের দিনগুলিতে তারকারাও সব নিয়ম ভাঙেন। টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেনের ক্ষেত্রেও বিষয়টা একদম তাই। আর সেই কারণেই পুজোর শ্যুটের মাঝেই স্বামীকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে জমিয়ে ফুচকা খেলেন তিনি।
সোমবার পাপারাৎজি সংস্থা টলিউড অনলাইনের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানেই দেখা যায়, সাদা কালো স্ট্রাইপ দেওয়া শাড়ি ও কালো স্লিভলেস ব্লাউজে সজ্জিত নায়িকা একেবারে রাস্তার ধারে তেঁতুলজল ভরা ফুচকা স্টলে মজেছেন। পাশে দাঁড়িয়ে তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়ও। স্ত্রীয়ের সঙ্গে শালপাতার বাটি হাতে ফুচকার স্বাদ থেকে তিনিও বঞ্চিত নন।
রেস্তোরাঁ নয়, ভরসা স্ট্রিট ফুড
অনেকেই মনে করেন সেলেবরা নাকি স্ট্রিট ফুড এড়িয়ে চলেন, কিন্তু সন্দীপ্তা সেই ধারণা ভেঙে দিয়েছেন। কোনও রেস্তোরাঁ বা নামি দামী দোকান নয়, পুজোর মণ্ডপের সামনে একেবারে রাস্তার ধারের ফুচকা স্টল থেকে স্বামীর সঙ্গে ফুচকা খেতে দেখা যায় নায়িকাকে।
ফুচকায় কামড় দিতে দিতে নায়িকাকে বলতে শোনা যায়, “শ্যুট করতে বেরিয়েছিলাম। তার ফাঁকেই একটু ফুচকা খেয়ে নিচ্ছি।” পাশ থেকে সৌম্য মুখোপাধ্যায় হেসে বলেন, “আমি ঠাকুর দেখতে বেরিয়েছি।” ষষ্ঠীর সকালেই তাঁদের এমন সাদামাটা এবং আন্তরিক মুহূর্ত দেখে অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
কমেন্ট বক্সে একজন লিখেছেন, “গভীর ভালোবাসা, গভীর প্রেম। খুব সুন্দর লাগছে দু’জনকে।” আরেকজন অনুরাগী তাঁদেরকে ‘ভীষণ প্রিয় দু’জন মানুষ’ বলে মন্তব্য করেছেন।
কাজের সূত্রে বর্তমানে সন্দীপ্তাকে হিন্দি মেগা ‘সম্পূর্ণা’-তে দেখা যাচ্ছে। বাংলা কাজের মধ্যে শেষ তাঁকে বীরাগঙ্গা সিরিজ ও সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটিতে দেখা গিয়েছিল।