নিম্নচাপের আতঙ্ক, সপ্তমী সন্ধ্যায় কলকাতায় বৃষ্টির স্বস্তি, কিন্তু অষ্টমী-নবমীতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ!

নিম্নচাপের চোখরাঙানি সত্ত্বেও দেবী দুর্গার বোধন ষষ্ঠীর সকাল থেকেই নির্বিঘ্নেই কেটেছে। রোদ ঝলমলে দিনে পুজোর আনন্দে মেতেছেন আপামোর বাঙালি। তবে আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, পুজোর মধ্যেই আকাশের মুখ ভার হবে। তাই গত মঙ্গলবারের জলমগ্ন কলকাতার আতঙ্ক মাথায় নিয়েই অনেকে ঝটপট উত্তর থেকে দক্ষিণের ঠাকুর দেখা সেরে ফেলছেন।
সপ্তমী সন্ধ্যায় স্বস্তির খবর
সপ্তমীর দিন থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা গিয়েছে। এদিন মোটের উপর আকাশ পরিষ্কার থাকলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে কলকাতাবাসীর জন্য স্বস্তির খবর হলো, সপ্তমীর সন্ধ্যায় শহরে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বরং বইতে পারে ঝড়ো হাওয়া, যার ফলে নিম্নচাপের আগে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবেন কলকাতাবাসী। প্যাচপেচে গরমে ঘেমেনেয়ে প্যান্ডেল হপিং করতে হবে না।
অষ্টমী-নবমীতে পুজোর আনন্দে ‘জল’ ঢালবেন বরুণদেব
ষষ্ঠী, সপ্তমী নির্বিঘ্নে কাটলেও অষ্টমী-নবমীতে পুজোর আনন্দে ‘জল’ ঢালতে পারেন বরুণদেব। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমীর দিন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে অষ্টমী ও নবমীতে বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের একাধিক জেলা।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা সহ মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, বীরভূম ও উত্তর ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর দিন বৃষ্টির দাপট বাড়তে পারে।
তবে উৎসব প্রিয় বাঙালি হাঁটু জল ঠেলে কলকাতা বা জেলার পুজো দেখতে বেরতে পারলে, বৃষ্টি বা মন্দ আবহাওয়াকে কাঁচকলা দেখিয়ে আনন্দে ভাঁটা পড়তে দেবেন বলে মনে হয় না। কারণ, পুজো বছরে একবারই আসে!