জনপ্রিয় রেস্তোরাঁয় ডিনার চলাকালীন এলোপাথাড়ি গুলিবর্ষণ! কনসার্ট দেখতে এসে মৃত ৩, সাউথপোর্টে এখনও অধরা আততায়ীরা!

উত্তর ক্যারোলিনার সাউথপোর্টের একটি জনাকীর্ণ ডকসাইড রেস্তোরাঁয় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার রাতে এই ঘটনায় গোটা এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় রাত ১০টার দিকে সাউথপোর্টের অন্যতম জনপ্রিয় আড্ডাস্থল আমেরিকান ফিশ কোম্পানি রেস্তোরাঁর কাছে একটি দ্রুতগামী জাহাজ এসে থামে। জাহাজটি থেকে রেস্তোরাঁয় ডিনার করতে আসা লোকজনের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আততায়ীরা, এবং হামলার পরপরই দ্রুত জলপথে তারা পালিয়ে যায়।
এখনও অধরা সন্দেহভাজন, একজনকে জিজ্ঞাসাবাদ
সাউথপোর্ট সিটি ম্যানেজার নোয়া সালদোর বরাত দিয়ে স্টার নিউজ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত এই ঘটনায় কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
সাউথপোর্ট সিটি একটি জরুরি সতর্কতা জারি করে বলেছে, “সাউথপোর্ট ইয়ট বেসিনে একজন সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়া গিয়েছে। ব্রান্সউইক কাউন্টি শেরিফের অফিস কাউন্টি জুড়ে একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সাথে সিটি অফ সাউথপোর্ট পুলিশ বিভাগকে সহায়তা করছে। দয়া করে ক্ষতিগ্রস্ত সকলকে, সেইসাথে আমাদের প্রথম প্রতিক্রিয়াশীলদের, আপনার চিন্তাভাবনা এবং প্রার্থনায় রাখুন।”
জানা গিয়েছে, জলপথে এসে যে নৌকাটি এই গুলি চালায়, সেটিকে ‘হোয়াইট সেন্টার কনসোল’ বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ‘আমেরিকান ফিশ কোম্পানি’ রেস্তোরাঁটি প্রায়শই কনসার্ট আয়োজন করে। এদিনও সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কনসার্ট চলার কথা ছিল। এই হামলার পরই সাউথপোর্ট পুলিশ ডিপার্টমেন্ট পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়। কীভাবে এই হামলা ঘটল এবং এর নেপথ্যে কারা জড়িত, তা জানতে জোরকদমে তদন্ত চলছে।