‘চোখের তারা তুই’ গান নয়, এ যেন গুরু-শিষ্যের স্বীকারোক্তি! নচিকেতার নতুন গান মন ভরালো শ্রোতাদের

যেভাবে নচিকেতা চক্রবর্তীর ‘বৃদ্ধাশ্রম’ গানটি বাবা-ছেলের সম্পর্কে চোখের জল এনেছিল, তেমনই এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এক পিতা-পুত্রের এবং গুরু-শিষ্যের সম্পর্ককে নতুনভাবে ফুটিয়ে তুললেন শিল্পী। মুক্তি পেয়েছে নচিকেতার নতুন গান ‘চোখের তারা তুই’। এই গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন নবীন শিল্পী চিরঞ্জীব দে।

গানটির দর্শন, ভাবনা ও কথা অভিজিৎ পালের, সুরও করেছেন তিনি স্বয়ং। বৃহস্পতিবার এফএমডি মিউজিক বাংলা ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পাওয়ার পরই দারুণ সাড়া ফেলেছে।

‘লিভিং লেজেন্ড’ নচিকেতা ও গুরু-শিষ্য পরম্পরা
‘চোখের তারা তুই’ গানে চিরঞ্জীব দে তাঁর নিজের জীবনের কথা তুলে ধরেছেন, আর তাঁকে আগলে পথ দেখিয়েছেন স্বয়ং নচিকেতা। গানের ভাবনা প্রসঙ্গে গীতিকার ও সুরকার অভিজিৎ পাল বলেন, নচিকেতা চক্রবর্তী বাংলা গানের ইতিহাসে এক এবং একমাত্র ‘শুকতারা’।

অভিজিৎ জানান, নচিদা (নচিকেতা) তাঁকে শিখিয়েছেন, “একার বাঁচাকে স্বার্থপরের বাঁচা বলে। সবাইকে নিয়ে বাঁচাই তো সত্যিকারের বাঁচা।” স্কুল জীবন থেকেই নচিকেতার আদর্শে তাঁর পথচলা। তিনি নচিকেতাকে নিজের গানের দর্শন হিসেবে স্বীকার করে নেন, যিনি তাঁকে প্রেম ও প্রতিবাদের ভাষা শিখিয়েছেন।

ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের ডেডিকেশন ও মমতাশঙ্করের মন্তব্য
গানের ভিডিওগ্রাফির দায়িত্ব সামলেছেন সিদ্ধার্থ চক্রবর্তী। এই মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশাপাশি দেখা গিয়েছে সৈকত মিত্র, নচিকেতা চক্রবর্তী এবং রঞ্জন প্রসাদ দাসকেও।

অভিজিৎ পালের কথায়, অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে ভেবেই চরিত্রটি লেখা হয়েছিল। উত্তর কলকাতার রাস্তায় কাঁধে হারমোনিয়াম নিয়ে ঘণ্টাখানেকের ওপর হেঁটেছেন ভাস্কর। এই সময়ে দাঁড়িয়ে এমন ডেডিকেশন খুব কম শিল্পীর মধ্যেই দেখা যায়।

মিউজিক ভিডিওটি দেখে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন পদ্মশ্রী মমতাশঙ্কর। অভিজিৎকে ফোন করে তিনি জানিয়েছেন,

“এত কষ্ট পেয়েছি অভিজিৎ গানের শেষটা দেখে…তোমার গল্প বলার স্টাইল ও ভাবনার স্তর যে এতটা আকাশ ছোঁয়া আগে তা উপলব্ধি করিনি। আর আমি আলাদা করে ভাস্কর দা’র কথা বলবো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো ওঁকে ব্যবহারই করেনি।”

মমতাশঙ্কর ছাড়াও পণ্ডিত তন্ময় বোস এবং অভিনেতা রজতাভ দত্তও গানটির জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy