পুজোর আবহে পানীয় জলের সঙ্কট শিলিগুড়িতে, কোর্ট মোড়ে পাইপ ফেটে একাধিক ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আবহে শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সঙ্কট। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। পুজোর সময় তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রির কাছাকাছি থাকায় এই দুর্ভোগ আরও বেড়েছে।
জানা গিয়েছে, কোর্ট মোড়ে পাইপ ফেটে যাওয়ার কারণেই এই বিপত্তি দেখা দিয়েছে। এর ফলে পুরসভার ১২ ও ২৯ নং ওয়ার্ডের একাংশ এবং ১৫ থেকে ২৪ নং ওয়ার্ডে পানীয় জল পরিষেবা ব্যাহত হয়েছে।
দ্রুত স্বাভাবিকের আশ্বাস পুরসভার
পানীয় জল নিয়ে শহরের এই ‘জলঘোলা’ পরিস্থিতিতে ক্ষুব্ধ বাসিন্দাদের দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন মেয়র।
আশ্বাস: মেয়র জানিয়েছেন, দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
বিকল্প ব্যবস্থা: সাময়িক সমস্যা মেটাতে পুরসভার পক্ষ থেকে বিকল্প হিসাবে জলের ট্যাঙ্ক সরবরাহ করা হচ্ছে।
পানীয় জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত বৃহস্পতিবার জানিয়েছিলেন, “বিকেলের মধ্যে স্বাভাবিক হবে। কাল রাতভর কাজ হয়েছে।” তবে শুক্রবারও একাধিক ওয়ার্ডে পানীয় জল সরবরাহ ব্যাহত থাকায়, পুরসভার কাজ নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।