একডালিয়ার পুজো উদ্বোধনে আবেগে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ‘সুব্রত দা-র কথা খুব মনে পড়ে’

দুর্গাপূজার প্রাক্কালে শহরজুড়ে মণ্ডপ উদ্বোধনের ব্যস্ততার মাঝেও বারবার আবেগমথিত হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জের বিখ্যাত একডালিয়া এভারগ্রিন পুজোর উদ্বোধনে গিয়ে এবারও প্রয়াত রাজনৈতিক সতীর্থ ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ করে তিনি কার্যত শোকাহত হয়ে ওঠেন।

সাবেকি ঘরানার এই পুজোর বিশেষ আকর্ষণ বরাবরই এর ঐতিহ্য। এই পুজোটি প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত ছিল। উদ্বোধনের সময় বিধায়ক দেবাশিস কুমার-সহ পুজো উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের অভাব কতটা গভীরভাবে অনুভূত হয়, সেই প্রসঙ্গ বারবার টেনে আনেন মুখ্যমন্ত্রী।

সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ করে চোখের জল
সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী দেবীকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুব্রত দা-র কথা খুব মনে পড়ে আমার। তাঁর একটা ছবি আছে আমার কাছে। সেটা দেখলেই আমার চোখে জল আসে।” প্রিয় ‘সুব্রতদা’-কে অকালপ্রয়াত আখ্যা দিয়ে তিনি আক্ষেপ করেন, “এটা হওয়ার কথা ছিল না।”

তিনি আরও স্মৃতিচারণ করে বলেন, সুব্রত মুখোপাধ্যায় বরাবর চাইতেন তিনি যেন তাঁর পুজোর উদ্বোধন করেন। “সুব্রতদা পুজোর সাতদিন আগে থেকে আমাকে বলতেন, কবে ডেট দিবি? আমি বলতাম, অনেক পুজো আছে, ঠিক চলে যাব,”— সুব্রত মুখোপাধ্যায়ের সেই আবদার মনে করে যেন আরও ভারাক্রান্ত হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর।

আজও ম্যারাথন উদ্বোধনী সূচি
বুধবারের পর আজ, বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বেশ কিছু দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করার কথা রয়েছে। দুপুরে প্রথমে তিনি বাড়ি থেকে জেলার পুজোমণ্ডপগুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন।

এরপর বিকেলে তাঁর যাওয়ার কথা মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে পরিচিত নিউ আলিপুরের সুরুচি সংঘের মণ্ডপে। সেখানে উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুর বডিগার্ড পুলিশ লাইনে, যেখানে এ বছর পুজোর মণ্ডপ তৈরি হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে। এই মণ্ডপের পাশাপাশি আরও কয়েকটি পুজোমণ্ডপও তিনি উদ্বোধন করবেন।