মধ্যবিত্তের জন্য দারুণ খবর! আজ থেকে দাম কমছে বহু ওষুধের, নতুন GST-তে সাশ্রয় হবে আপনার পকেটে!

সাধারণ মানুষের জন্য সুখবর! নতুন জিএসটি (GST 2.0) রেট কার্যকর হওয়ায় আজ থেকেই দাম কমছে বহু ওষুধের। বাজারের পুরোনো ওষুধের প্যাকেটে আগের এমআরপি (MRP) থাকলেও, বিক্রেতাদের নতুন জিএসটি রেট অনুযায়ী কম দামে ওষুধ বিক্রি করতে হবে। দ্য অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন তাদের ১২.৫ লাখ সদস্যকে এই নির্দেশ পাঠিয়েছে।

কতটা দাম কমছে?
নতুন জিএসটি রেট অনুযায়ী ওষুধের দাম বিভিন্ন স্তরে কমেছে। দেখে নিন কোন ওষুধের দাম কতটা কমছে:

১২% থেকে ৫%: যেসব ওষুধের উপর আগে ১২ শতাংশ জিএসটি ছিল, তা এখন কমে ৫ শতাংশ হওয়ায় দাম কমছে ৬.২৫ শতাংশ।

১৮% থেকে ৫%: যেসব ওষুধের উপর ১৮ শতাংশ জিএসটি ছিল, তা এখন ৫ শতাংশ হওয়ায় দাম কমবে ১১.০২ শতাংশ।

৫% থেকে ০%: যেসব ওষুধের উপর আগে ৫ শতাংশ জিএসটি ছিল, তা এখন পুরোপুরি জিএসটি-মুক্ত হওয়ায় দাম কমবে ৪.৭৭ শতাংশ।

১২% থেকে ০%: যেসব ওষুধের উপর ১২ শতাংশ জিএসটি ছিল, তা এখন শূন্য শতাংশ হওয়ায় দাম কমবে ১০.৭২ শতাংশ।

দ্য অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে নতুন লেবেল লাগানো ওষুধ বাজারে চলে আসবে। তবে তার আগেই কলকাতার বিভিন্ন দোকানে নতুন জিএসটি হারে ওষুধ বিক্রি শুরু হয়ে গেছে। যেমন- প্যান-৪০, বেটাডাইনের মতো বহুল ব্যবহৃত ওষুধের দামও এখন থেকে কম হবে।