মাঝ আকাশে ঘটল বিপদ! ককপিটের দরজা খুলে চালকের কেবিনে ঢোকার চেষ্টা যাত্রীর, আতঙ্ক এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে এক যাত্রীর অদ্ভুত কাণ্ডে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বেঙ্গালুরু থেকে বারাণসীগামী ওই বিমানে এক যাত্রী বিমানের চালকের ককপিটে ঢোকার চেষ্টা করেন। কোনোমতে তাকে আটকে রাখা হয় এবং বিমান অবতরণের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত। ওই যাত্রী ককপিটের দরজা খোলার চেষ্টা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী দাবি করেছেন যে তিনি শৌচাগার খুঁজতে গিয়ে ভুল করে সেখানে ঢুকে পড়েছিলেন।
যদিও যাত্রীর এই সাফাই নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। বিমানকর্মীরা ও যাত্রীরা জানান, ওই ব্যক্তির আচরণ স্বাভাবিক ছিল না। ঘটনাটির জেরে বিমানের অন্যান্য যাত্রীরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। বিমানটি বারাণসীতে নামার পর ওই যাত্রীকে সিআইএসএফ এবং পরে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।