শ্বেতার ৩৩তম জন্মদিন, মধ্যাহ্নভোজ থেকে কেক কেটে এলাহী আয়োজন! রুবেল ও শ্বেতার ভালোবাসার বার্তা ভাইরাল!

কয়েকদিন আগেই অভিনেতা রুবেলের জন্মদিন ধুমধাম করে পালন করেছিলেন স্ত্রী শ্বেতা ভট্টাচার্য। এবার সেই ভালোবাসার প্রতিদান দিলেন রুবেল। স্ত্রীর ৩৩তম জন্মদিন উপলক্ষ্যে এলাহী আয়োজন করলেন তিনি। কেক কাটা থেকে শুরু করে জমিয়ে মধ্যাহ্নভোজন—সবকিছুতেই ছিল ভালোবাসার ছোঁয়া।
স্ত্রীর পাশে দাঁড়িয়ে বেশ কিছু ছবি নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করে রুবেল একটি আবেগঘন বার্তা লেখেন। তিনি লেখেন, “জীবনের প্রতিটা মুহূর্তে ভালোবেসে থাকতে চাই। তোমার হাসি, আনন্দ, মজা, রাগ, অভিমান সব অভিব্যক্তিকে ঘিরে বাঁচতে চাই, তোমার সাহস আর মানবিক জোর থেকে শিখতে চাই, তোমার প্রতিভা দেখে মুগ্ধ হতে চাই।”
রুবেল ও শ্বেতার ভালোবাসার বার্তা ভাইরাল
রুবেল আরও লেখেন, “জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সুন্দরী বউ। অনেক ভালোবাসি তোমায়। তুমি যেমন তেমনি থেকো, আর খুব খুব ভালো থেকো আমাদের সবাইকে নিয়ে।” স্বামীর এই ভালোবাসার বার্তায় আপ্লুত হয়ে শ্বেতাও জবাব দেন, “খুব ভালোবাসি তোমায় বর।” শ্বেতাও নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, “আমি তো তোমাকে এবং তোমাদের ঘিরেই বাঁচতে চাই, তোমার খুশিতেই খুশি হতে চাই। তোমার প্রতিভায় গর্বিত হতে চাই। তোমার হয়েই বাঁচতে চাই। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য।”
রুবেলের পোস্ট করা ছবিতে দেখা যায়, অভিনেত্রী একটি মেরুন রঙের ড্রেস পরে রয়েছেন, আর রুবেলের পরনে একটি সবুজ রঙের শার্ট। কেক কাটার অনুষ্ঠানে পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন। রুবেলের বাবা-মায়ের পাশাপাশি শ্বেতার বাবা-মা এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদেরও ছবিতে দেখা যায়।
প্রসঙ্গত, মহালয়ার দিন জি বাংলার পর্দায় মহিষাসুরমর্দিনী রূপে শ্বেতাকে দেখা যায়। অন্যদিকে, এই প্রথমবার অসুরের চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেন রুবেল।