দুর্গা পুজোর প্রথম দিনে আংশিক সূর্যগ্রহণ, দেখা যাবে কি ভারত থেকে? জানুন একনজরে

মহালয়ার পুণ্য প্রভাতে দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই উৎসবের আমেজে মেতে উঠেছে বাঙালি। আর এই উৎসবের মধ্যে বাড়তি মাত্রা যোগ করেছে এক মহাজাগতিক ঘটনা। আজ, রবিবার, বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হচ্ছে। এটি একটি আংশিক সূর্যগ্রহণ, যেখানে সূর্যের প্রায় ৮৫.৫ শতাংশ ঢাকা পড়ে যাবে।

ভারতীয় সময় অনুযায়ী, আজ রাত ১০টা বেজে ৫৯ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে ভোররাত ১টা বেজে ১১ মিনিটে। ফলে ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। এটি মূলত দক্ষিণ গোলার্ধের দেশ যেমন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে দেখা যাবে। এছাড়াও, অ্যান্টার্কটিকা, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের কিছু অংশ থেকেও এই আংশিক গ্রহণ প্রত্যক্ষ করা যাবে।

চলতি বছরে এটিই শেষ সূর্যগ্রহণ। এরপর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি এবং ১২ আগস্ট সূর্যগ্রহণ হবে, তবে সেগুলোও ভারত থেকে দেখা যাবে না। ভারত থেকে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৭ সালের ২ আগস্ট, যা একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলেও ভারত থেকে তা আংশিকভাবে দেখা যাবে। এই গ্রহণটি প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে স্থায়ী হবে, যা অত্যন্ত বিরল। এই গ্রহণকে ‘Great North African Eclipse’ বলা হচ্ছে।

যদিও আজকের গ্রহণ আংশিক, বিজ্ঞানীরা খালি চোখে সরাসরি সূর্যের দিকে না তাকানোর পরামর্শ দিয়েছেন। সোলার ফিল্টার বা বিশেষ ধরনের সোলার একলিপ্স গ্লাস ব্যবহার করে গ্রহণ দেখতে বলা হয়েছে।