‘শুধু পিতৃপুরুষ নয়, দলের শহিদদের উদ্দেশ্যেই এই তর্পণ…’, মহালয়ায় কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য?

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হলো। এই পুণ্য তিথিতে গঙ্গার বিভিন্ন ঘাটে হাজার হাজার মানুষ তর্পণ করতে ভিড় জমিয়েছেন। বাগবাজার ঘাটে তর্পণ করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-কে। তর্পণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শুধু ব্যক্তিগত পিতৃপুরুষদেরই নয়, বরং দলের শহীদ কর্মীদেরও স্মরণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য বলেন, “এটাতো শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নয়, এই তর্পণ আবহমান কাল ধরে। যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছেন… আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি। আমাদের যত শহীদ হয়েছেন গত ১০ বছরে, সেই সংখ্যাটা, এখন পর্যন্ত ২৮৭। তাঁদের কথাও স্মরণ করলাম আজকে।”

আগামী নির্বাচন যাতে রক্তক্ষয়ী না হয় সেই কামনা করে শমীক বলেন, “সেই প্রার্থনা তো সবসময় করি। বাংলার মানুষেরই সবসময় সেই প্রার্থনা করা উচিত। যে ভ্রাতৃহত্যার মধ্য দিয়ে পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি।”

তিনি আরও বলেন, “আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনও ঘটনা ঘটলেই বারবার বিহার-উত্তরপ্রদেশের রেফারেন্স দিতেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার একটা তুলনামূলক বিশ্লেষণ সাংবাদিকদের সামনে রাখতেন। আজকে সেই বিহার-উত্তরপ্রদেশ ভোট সংস্কৃতি যা ছিল অতীতে, তার থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি এখনও সেই হিংসা থেকে মুক্ত নয়।” শমীক ভট্টাচার্যের এই মন্তব্য মহালয়ার পবিত্র দিনেও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।