ভোটমুখী বিহারে নীতীশ কুমারের বড় ঘোষণা! ২৫ হাজার টাকা পাবেন কারা? এল বড় সুযোগ

ভোটের আগে বিহারে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ‘মহাদলিত উন্নয়ন মিশন’-এর কর্মীদের কাজের সুবিধার্থে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে ট্যাবলেট কেনার জন্য। এছাড়াও তাঁদের যাতায়াত ও দফতর সামগ্রীর ভাতাও বাড়ানো হয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপে তৃণমূল স্তরে উন্নয়নমূলক কাজ আরও গতি পাবে।
মুখ্যমন্ত্রী বলেন, বিকাশ মিত্ররা যেন দ্রুত সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য সংরক্ষণ ও অন্যান্য কাজ সহজে করতে পারেন, সেই জন্যই এই পদক্ষেপ। এই বিকাশ মিত্ররা মূলত তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের কাছে সরকারি প্রকল্প পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিকাশ মিত্রদের পাশাপাশি ‘শিক্ষা সেবক’-দের জন্যও নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে। এই কর্মীরা মহাদলিত, দলিত, সংখ্যালঘু এবং অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের শিক্ষার প্রসারে কাজ করেন। ‘আক্ষর আঁচল’ প্রকল্পের অধীনে, প্রতিটি শিক্ষা সেবককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে স্মার্টফোন কেনার জন্য, যাতে তাঁরা ডিজিটাল কাজ সহজে করতে পারেন।
এছাড়া, বিকাশ মিত্রদের যাতায়াত ভাতা ১৯০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে এবং দফতর সামগ্রীর ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। শিক্ষা সেবকদের জন্য প্রতিটি কেন্দ্রে বরাদ্দও ৩৪০৫ টাকা থেকে বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে। এই পদক্ষেপগুলিকে রাজনৈতিক মহল ভোটের আগে নীতীশ সরকারের পক্ষ থেকে রাজ্যের মানুষদের জন্য একটি বড় উপহার হিসেবেই দেখছে।