মায়ের বুকই হলো সন্তানের শেষ আশ্রয়! উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে চরম বিপর্যয়, উদ্ধারকারী দলের চোখে জল

উত্তরাখণ্ডে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের ফলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে এমন এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে, যা উদ্ধারকারী দলের সদস্যদেরও চোখে জল এনেছে। একটি বাড়ি ধসে পড়ার চার দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এক মা এবং তাঁর দুই যমজ সন্তানের নিথর দেহ।
জানা গেছে, ভারী বৃষ্টি ও ভূমিধসের বিপদ টের পেয়ে মা তাঁর দুই ১০ বছরের ছেলেকে বুকে জড়িয়ে ধরেছিলেন। সেই অবস্থাতেই তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই দৃশ্য দেখে উদ্ধারকারী দলের সদস্যরা আবেগ ধরে রাখতে পারেননি।
একই বাড়ি থেকে ১৬ ঘণ্টা পর ওই মহিলার স্বামীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর আঘাত নিয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ভয়াবহ বিপর্যয়ে তাঁদের পরিবার সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।
উত্তরাখণ্ডে চলমান প্রাকৃতিক বিপর্যয় গত কয়েক মাস ধরেই মানুষের জীবনে চরম দুর্ভোগ নিয়ে এসেছে। দেরাদুন, চামোলি, নৈনিতালসহ রাজ্যের বিভিন্ন এলাকায় মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত রাজ্যে ৮৫ জনের মৃত্যু হয়েছে এবং ৯৪ জন নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর ১,২০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন।