কলেজের মেয়েরা এখন স্বাবলম্বী! পুজোর আগে কলেজেই খুলল ‘আর্ট গ্যালারি’, বিক্রি হচ্ছে হাতে গড়া জিনিসপত্র

আর মাত্র কয়েকদিন পর দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে নিজেদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এক দারুণ উদ্যোগ নিয়েছেন কান্দি রাজ কলেজের ছাত্রীরা। কলেজ প্রাঙ্গণেই তারা আয়োজন করেছেন হস্তশিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র ‘ঊর্জা-৩’।

ছাত্রীদের নিজেদের পায়ে দাঁড়ানোর এই প্রয়াস মূলত UGC-এর ‘Earn While Learn’ প্রকল্পের অংশ। কলেজের সব বর্ষের ছাত্রীরা এতে অংশ নিয়েছেন। তাদের হাতে গড়া নানা ধরনের জিনিস দিয়ে স্টল সাজিয়েছেন তারা।

কলেজের অধ্যক্ষ ডঃ সোমা দত্ত জানান, ছাত্রীরা বিভিন্ন ধরনের হাতের কাজের পসরা সাজিয়েছেন এবং বিক্রিও বেশ ভালো হচ্ছে। তিনি বলেন, ছাত্রীদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে উৎসাহিত করতেই এই আয়োজন।

কলেজের অধ্যাপিকা শর্বরী ঘোষের কথায়, “ভবিষ্যতে ছাত্রীদের আরও কর্মোদ্যোগী করে তুলতে এই হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে।” প্রায় ১০০-র বেশি ছাত্রী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। কেউ হাতে আঁকা ছবি, কেউ বা হাতে তৈরি গয়না, আবার কেউ ঘর সাজানোর জিনিস নিয়ে স্টল দিয়েছেন।

ছাত্রীদের আশা, এই প্রদর্শনী থেকে যে টাকা আয় হবে, তা দিয়ে তারা আরও ভালো মানের হস্তশিল্পের কাজ করতে পারবেন। নিজেদের এই উদ্যোগের মাধ্যমে তারা ভবিষ্যতে এই কাজকে পেশা হিসেবেও এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করেন। পুজোর আগে ছাত্রীদের এই স্বনির্ভরতার প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষও।